মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় অনুমতি ছাড়া ড্রেজারের মাধ্যমে জমি ভরাট করে অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ঘটনাস্থলে ড্রেজার মেশিন ও পাইপলাইন পাওয়া যায়। পরে জব্দ করা পাইপলাইন তাৎক্ষণিকভাবে বিনষ্ট করে অপসারণ করা হয়। তবে অবৈধভাবে বালু ভরাটের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার কে-শিমুলিয়া ইউনিয়নের দক্ষিণ শিমুলিয়া এলাকায় ইউনিয়ন পরিষদ-সংলগ্ন ব্রিজের দক্ষিণ-পশ্চিম অংশের কালভার্টের কাছে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া ড্রেজারের মাধ্যমে জমি ভরাট করে অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সরেজমিনে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থলে ড্রেজার মেশিন ও পাইপলাইন দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। তবে বালু ভরাটের কাজে সংশ্লিষ্ট কাউকে না পাওয়ায় কাউকে আটক বা জরিমানা করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থলে স্থাপিত পাইপলাইন বিনষ্ট করে অপসারণ করা হয়।
অভিযান পরিচালনা করেন টঙ্গীবাড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী বলেন, “অনুমতি ছাড়া ড্রেজারের মাধ্যমে জমি ভরাট করে জমির শ্রেণি পরিবর্তন করা আইনবিরোধী। এ ধরনের কর্মকাণ্ডের খবর পেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হবে। কৃষিজমি ও পরিবেশ সুরক্ষায় অবৈধভাবে ড্রেজার স্থাপন এবং বালু ভরাটের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, অবৈধভাবে জমি ভরাট ও জমির শ্রেণি পরিবর্তনের বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে চলতে হবে। অন্যথায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।