মুন্সীগঞ্জের সিরাজদীখানে জমি নিয়ে বিরোধের জেরে মারধর ও কুপিয়ে জখমের মিথ্যা তথ্য দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মো. নুর আলম ও মো. আল আমিন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. নুর আলম বলেন, উপজেলার ইছাপুরা ইউনিয়নের পূর্ব ইছাপুরা গ্রামের মো. শাহ আলম চৌধুরীর সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। বিরোধপূর্ণ জমিতে মাচা তৈরির জন্য শাহ আলম চৌধুরী বসেছিলেন। এ সময় নুর আলম তাঁকে সেখানে বসতে বাধা দেন। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
নুর আলমের দাবি, পরে মিথ্যা তথ্য দিয়ে শাহ আলম চৌধুরীকে কুপিয়ে জখমের ঘটনা সাজিয়ে তাঁদের বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়েছে। ওই সংবাদে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও মনগড়া তথ্য ব্যবহার করা হয়েছে। মারধর ও কুপিয়ে জখমের ঘটনার সঙ্গে তাঁরা কেউ জড়িত নন।
তিনি আরও বলেন, তাঁদের হেনস্তা করার উদ্দেশ্যে শাহ আলম চৌধুরীর ছেলে রাজু আহম্মেদ চৌধুরী তাঁদের জড়িয়ে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছেন। প্রকাশিত সংবাদের তথ্য সম্পর্কে তাঁরা অবগত না।
সংবাদ সম্মেলনে অপর ভুক্তভোগী মো. আল আমিন বলেন, কুপিয়ে জখমের যে ঘটনার কথা বলা হয়েছে, সেদিন তাঁর ভাই বাড়িতে বসে ছিলেন। অথচ প্রকাশিত ওই সংবাদে তাঁর ভাইয়ের নাম জড়ানো হয়েছে।
আল আমিন বলেন, আমাদের পরিবারের সদস্যদের নিয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।