মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মন্দিরে পিতলের পঞ্চপ্রদীপ ও শাড়ি বিতরণ করেছেন চিত্রনায়িকা ডা. জাকিয়া কামাল মুন। পাঁচ দিনব্যাপী উপজেলার বিভিন্ন মন্দিরে গিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের হাতে এসব উপহারসামগ্রী তুলে দেন তিনি।
বুধবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার পোদ্দারপাড়া দুর্গা মন্দিরে পঞ্চপ্রদীপ ও শাড়ি বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রম শেষ হয়। এর আগে উপজেলার রাঢ়ীখাল রামকৃষ্ণ মিশন মন্দির থেকে এ কর্মসূচি শুরু করেন তিনি।
আয়োজক সূত্রে জানা যায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার মোট ৮৫টি মন্দিরে সাড়ে সাত ভরি ওজনের পিতলের পঞ্চপ্রদীপ ও শাড়ি বিতরণ করা হয়েছে। ধর্মীয় উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং পূজামণ্ডপগুলোর সঙ্গে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
পাঁচ দিন ধরে চলা এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন মন্দিরে গিয়ে উপহারসামগ্রী বিতরণ করেন ডা. জাকিয়া কামাল মুন।