মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে সড়কের পাশে বালুর মাঠে উন্মুক্ত স্থানে ফুটবল খেলা হচ্ছে। খেলার সময় বল সড়কে চলে আসায় যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সরেজমিনে উপজেলার টঙ্গীবাড়ি-কালিবাড়ী সড়কের একাধিক স্থানে সড়কের পাশে বালুর মাঠে ফুটবল খেলার দৃশ্য দেখা যায়। এসব মাঠের পাশে কোনো সুরক্ষাবেষ্টনী না থাকায় খেলার সময় বল সড়কে চলে আসার আশঙ্কা রয়েছে। বলের পেছনে ছুটে কোনো খেলোয়াড় সড়কে উঠে এলে কিংবা চালক হঠাৎ বল দেখে ব্রেক করলে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, শিশু-কিশোরদের খেলাধুলা স্বাভাবিক ও ইতিবাচক বিষয়। তবে ব্যস্ত সড়কের পাশে নিরাপত্তাব্যবস্থা ছাড়া এভাবে ফুটবল খেলা ঝুঁকিপূর্ণ। বিশেষ করে মোটরসাইকেল, অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলাচলের সময় বল সড়কে চলে এলে চালকের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হতে পারে। এতে খেলোয়াড়দের পাশাপাশি পথচারী ও যানবাহনের আরোহীরাও দুর্ঘটনার শিকার হতে পারেন।
তাঁরা বলেন, খেলাধুলার জন্য নিরাপদ মাঠের ব্যবস্থা করা গেলে শিশু-কিশোরেরা নির্বিঘ্নে খেলতে পারবে। একই সঙ্গে সড়কের পাশের মাঠগুলোতে প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ চান তাঁরা।
সচেতন মহলের মতে, সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের সতর্কতার পাশাপাশি সড়কের আশপাশের ঝুঁকিপূর্ণ স্থানগুলোও নিরাপদ রাখা প্রয়োজন। সড়কের পাশে খেলার মাঠ থাকলে সেখানে বল যেন সরাসরি যানবাহন চলাচলের পথে চলে যেতে না পারে, সে জন্য জাল বা সুরক্ষাবেষ্টনী স্থাপন করা যেতে পারে। পাশাপাশি শিশু-কিশোরদের সড়কের পাশে খেলাধুলার ঝুঁকি সম্পর্কে সচেতন করা দরকার।
তাঁদের মতে, কোনো দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে আগেই ঝুঁকি চিহ্নিত করে প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া বেশি কার্যকর। তাই টঙ্গীবাড়ি-কালিবাড়ী সড়কের পাশে যেসব স্থানে উন্মুক্তভাবে ফুটবল খেলা হয়, সেসব স্থান পরিদর্শন করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আনজুম সোহানিয়া বলেন, “আপনার কাছ থেকে বিষয়টি জানতে পেরেছি। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।” তিনি আরও বলেন, উন্মুক্ত স্থানে সড়কের পাশে এভাবে খেলাধুলা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।