মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় অনুমতি ছাড়া ড্রেজারের মাধ্যমে জমি ভরাট করে অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে অভিযান চালিয়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ঘটনাস্থলে থাকা ড্রেজার মেশিন ও পাইপলাইন বিনষ্ট করে অপসারণ করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টা ২০ মিনিটের দিকে উপজেলার কে-শিমুলিয়া ইউনিয়নের রহিমগঞ্জ বাজার এলাকায় ইউনিয়ন পরিষদসংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন টঙ্গীবাড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া ড্রেজারের মাধ্যমে জমি ভরাট করে অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে ড্রেজার মেশিন ও পাইপলাইন স্থাপন করে বালু ভরাটের কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়। পরে এ কাজে সংশ্লিষ্ট একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(খ) ধারার লঙ্ঘন এবং একই আইনের ১৫(১) ধারায় অপরাধের দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ঘটনাস্থলে থাকা ড্রেজার মেশিন ও পাইপলাইন তাৎক্ষণিকভাবে বিনষ্ট করে অপসারণ করা হয়।
অভিযান প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী বলেন অনুমতি ছাড়া ড্রেজারের মাধ্যমে জমি ভরাট করে অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তন করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে কেউ কৃষিজমি বা জমির শ্রেণি পরিবর্তনের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জনস্বার্থ রক্ষা এবং অবৈধভাবে ড্রেজার দিয়ে জমি ভরাট বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকব।