মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় ও হাসাইল ইউনিয়নসংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও মাছ ধরার কাজে ব্যবহৃত দুটি ট্রলার জব্দ করে বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৮টা ৫৫ মিনিট পর্যন্ত পদ্মা নদী ও এর তীরবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরা, মাছ ক্রয়-বিক্রয় ও পরিবহনের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থলে প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং মাছ ধরার কাজে ব্যবহৃত দুটি ট্রলার পাওয়া যায়। সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে মাছ ধরার সঙ্গে সংশ্লিষ্ট দুই জেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে ঘটনাস্থলে জব্দ করা কারেন্ট জাল ও ট্রলার তাৎক্ষণিকভাবে বিনষ্ট ও অপসারণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন টঙ্গীবাড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা উপস্থিত ছিলেন।
নদীতে অবৈধভাবে মাছ ধরা বন্ধ এবং মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার ভুমি রেজওয়ানা চৌধুরী ।