প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেছেন প্রতিবন্ধী ব্যক্তিদের সুযোগ ও সেবা প্রাপ্তির জন্য ভুমিকা পালন করা নাগরিক দায়
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেছেন, নিজ নিজ অবস্থান থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের সুযোগ ও সেবা প্রাপ্তির ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করা আমাদের নাগরিক দায়িত্ব। এই দায়িত্ব পালন করলেই প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিরা পরিবারের ও সমাজের বোঝা না হয়ে তাদের সক্ষমতা অনুযায়ী গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। তবে এই দায়িত্ব পালনের আবশ্যিক পূর্বশর্ত হলো প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি আমাদের মনোভাব ও দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন। বুধবার ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’ প্রতিপাদ্যকে ধারণ করে '৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আলোচ্য দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিশেষ চাহিদা সম্পন্ন ১৭ জন সদস্যের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ কামরুল জমাদ্দার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: আলাল উদ্দিন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সাঈদা ফেরদৌস, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ।
উক্ত সভায় উপস্থিত বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের এত চ্যালেঞ্জ এবং প্রতিবন্ধিতা সম্পর্কে এত ভুল ধারণা থাকা সত্ত্বেও প্রতিবন্ধী ব্যক্তিরা ঘরে বসে নেই। সারা বিশ্বে যেভাবে প্রতিবন্ধী ব্যক্তিরা এগিয়ে যাচ্ছে বাংলাদেশেও তারা খুব বেশি পিছিয়ে নেই।
অনুষ্ঠানে আগত বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গ জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়কে প্রতিকূল পরিবেশেও বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত