মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় গত নভেম্বর থেকে ডিসেম্বর চলতি মাস পর্যন্ত পৃথক স্থান থেকে চারটি লাশ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নদী ও মহাসড়কের পাশ থেকে উদ্ধার হওয়া এসব লাশের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত হলেও বাকি দুজন এখনো অজ্ঞাত। লাশগুলোর শরীরে আঘাতের চিহ্ন থাকায় মৃত্যু স্বাভাবিক নাকি হত্যাকাণ্ড-তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।
জানা যায়, সর্বশেষ গতকাল শনিবার দুপুরে উপজেলার বাউশিয়া ইউনিয়নের কাজলা নদী থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করা হয়। এর আগে একই দিনে মেঘনা নদী থেকে প্রায় ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত নারীর পচাগলা লাশ উদ্ধার করে পুলিশ।
এর আগে গত ২২ নভেম্বর বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে গলায় রশি বাঁধা অবস্থায় আরিফ হোসেন (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করে নৌ পুলিশ। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা গ্রামের সরকার বাড়ির মৃত সাইজুদ্দিন সরকারের ছেলে। এ ছাড়া ১৩ নভেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় রতন (২০) নামের এক ল্যাব টেকনিশিয়ানের লাশ উদ্ধার করা হয়। রতন বগুড়া জেলার শেরপুর উপজেলার বেলগাড়ি গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে। তিনি ভাটেরচর এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং নারায়ণগঞ্জের মদনপুরে একটি প্রাইভেট হাসপাতালে
কর্মরত ছিলেন।
পুলিশ সুত্রে জানা যায়, উদ্ধার হওয়া সব লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এবিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজাদ বলেন, প্রতিটি ঘটনা আলাদা ভাবে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এখন পর্যন্ত ঘটনা গুলোর মধ্যে সরাসরি কোনো যোগসূত্র পাওয়া যায়নি।
এদিকে অল্প সময়ের মধ্যে একাধিক লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে ভীতি বেড়েছে। দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।