আষাঢ়ের নরম বৃষ্টিতে স্নিগ্ধ হয়ে উঠেছে প্রকৃতি। আর ঠিক তখনই মুন্সীগঞ্জের সিরাজদীখানে বসেছে জমজমাট চারা গাছের হাট। প্রতি সপ্তাহের বুধবার সকাল ৭ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই হাটে ভিড় জমান গাছপ্রেমীরা। ফুল, ফল ও বনজ নানা প্রজাতির গাছের চারা নিয়ে হাজির হন জেলার বিভিন্ন নার্সারির ব্যবসায়ীরা। প্রকৃতির এই বর্ষামুখর পরিবেশ চারার বিক্রি অনেকটাই বাড়িয়ে দিয়েছে বলে জানাচ্ছেন বিক্রেতা ও ক্রেতারা।
গতকাল বুধবার দুপুর ১২ টার দিকে সরেজমিনে দেখা যায়, উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের গোয়ালবাড়ি মোড়ে ইউএনও পার্কের পাশে সাপ্তাহিক চারা গাছের হাট বসেছে।
হাটে উঠেছে নানা প্রজাতির ফল ও ফুলের প্রায় ৫হাজার চারা। এর মধ্যে রয়েছে আম, লিচু, কাঁঠাল, জাম, পেয়ারা, কলা, নারকেল, আমলকী, বেত, গ্রীন টি, সজনে, বাউল, সেদ্দা, বগা কাঁঠাল।
ফুলের গাছের মধ্যে রয়েছে গোলাপ, গাঁদা, বেলি, রজনীগন্ধা, জবা, পদ্ম, অর্কিড, গন্ধরাজ, চামেলী, হিবিসকাস ও মেহেদী।এছাড়াও উঠেছে নানা রকম ছায়াদানকারী বনজ গাছ। লতব্দী গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, বর্ষার সময় গাছ লাগালে মরেনা। তাই ১০ টি আমগাছ কিনেছি, এক একটি গাছ ১৭০ টাকা করে।
লালবাড়ী গ্রামের গৃহিণী রোকসানা বেগম বলেন, ছাদে টবে লাগানোর জন্য গাঁদা, বেলি, রজনীগন্ধা চারা কিনেছি। এখনই চারা লাগানোর ভালো সময়। হাসিব শেখ বলেন,আমি বাড়ির চারপাশে বোনার জন্য ৫০টি ফুল-ফলের চারা কিনেছি, এতে খরচ হয়েছে প্রায় ৩ হাজার টাকা। কাজগুলো অনেক সুন্দর, এখনই গাছ রোপণের সময়।
বেতকা এলাকার মোহনা মোসকান নার্সারির মালিক মো. হুমায়ুন কবির বলেন, এবার আষাঢ়ের শুরুতেই ভালো বিক্রি হচ্ছে। আজ এনেছি প্রায় ১৫০ প্রজাতির চারা গাছ। দাম শুরু ৮০ টাকা থেকে দেড় হাজার টাকা পর্যন্ত।
সোহান নার্সারির মালিক রাজিব হোসেন বলেন, ২০০টি ফল ও ফুলের চারা এনেছি। আম, লিচু, কাঁঠাল, জলপাইসহ ফলজ গাছ বেশি চলছে। দাম ১৫০ থেকে ১৫০০ টাকা।
গোয়ালবাড়ির শ্রাবন্তী নার্সারির সাইফুল শেখ বলেন,প্রায় ৩০০ রকমের চারা এনেছি। ফুল, ফল, বনজ সব গাছই রয়েছে। দাম ১৫০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত। ক্রেতার চাপ ভালোই।
লতব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রামের বৃক্ষপ্রেমী ফেরদৌস হাসান রাতুল বলেন, বর্ষা মৌসুম গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত সময়। আমি সারা বছর বিভিন্ন এলাকায় মসজিদ, মাদরাসা, স্কুল-কলেজে এবং রাস্তার ধারে ফলদ, বনজ ও ছায়াদানকারী গাছ বিতরণ করে থাকি। পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে বর্ষায় গাছ লাগানোকে আন্দোলনের মতো ছড়িয়ে দিতে হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, বর্ষাকাল গাছ লাগানোর উপযুক্ত সময়। কৃষি অফিস থেকে আমরা কৃষকদের বৃক্ষরোপণে উৎসাহ দিয়ে যাচ্ছি। এই হাটে স্থানীয় নার্সারিগুলো যেমন লাভবান হচ্ছে, তেমনি পরিবেশও উপকৃত হচ্ছে। ব্যক্তি পর্যায়ে মানুষজন গাছ লাগাতে আগ্রহী হচ্ছেন—এটি অত্যন্ত ইতিবাচক।#