প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫
সিরাজদীখানে নতুন বই পাবে ২৬ হাজার ৭৮০ শিক্ষার্থী
আব্দুল্লাহ আল মাসুদ
মুন্সীগঞ্জের সিরাজদীখানে বছরের প্রথম দিনেই ২৬ হাজার ৭৮০ জন শিশু শিক্ষার্থীর হাতে পৌঁছে যাবে নতুন বই। এ উপলক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে উপজেলার ১২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৫৬টি কেজি স্কুলের প্রধান শিক্ষকদের মাঝে বই বিতরণ করা হয়েছে। তারা বইগুলো বিদ্যালয়ে নিয়ে গিয়ে শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করছেন। আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে এসব নতুন বই তুলে দেওয়া হবে।
গতকাল বুধবার সকাল ১০টা থেকে উপজেলার প্রধান শিক্ষকদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন, মো. রফিকুল ইসলাম, মো. শাহ আলম, পূর্ব শিয়ালদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাদের মৃধা এবং ছোট পাউলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন দত্ত।
ছোট পাউলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন দত্ত বলেন, উপজেলা শিক্ষা অফিস থেকে আমাদের নতুন বই দিয়েছে। নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে এসব বই তুলে দেওয়ার জন্য বিদ্যালয়ে নিয়ে যাচ্ছি। আমাদের বিদ্যালয়ে ১৩১ জন শিক্ষার্থী রয়েছে, সবাই ২০২৬ সালে নতুন বই পাবে। এটা আমাদের জন্য আনন্দের।
ভূইরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আমার স্কুলে ১৫০ জন শিক্ষার্থী রয়েছে। বছরের প্রথম দিনই তারা নতুন বই পাবে। সে জন্যই আজ উপজেলা থেকে বই সংগ্রহ করছি। আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি সকাল থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, প্রতি বছরের মতো এবারও বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ১ লাখ ২২ হাজার ৬৬৭টি বই দেওয়া হয়েছে। এছাড়া প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য ৫ হাজার ১০০টি খাতা বিতরণ করা হয়েছে।
তিনি আরও জানান, এবছর প্রায় ২৬ হাজার ৭৮০ শিক্ষার্থী নতুন বই পাবে। শিশু শ্রেণির জন্য ২টি, প্রথম ও দ্বিতীয় শ্রেণির জন্য ৩টি, এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৬টি করে বই বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা শিক্ষার্থীদের হাতে সুশৃঙ্খলভাবে বছরের প্রথম দিনেই নতুন বই পৌঁছে দিতে পারেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত