মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন জুলাই আন্দোলনে শহীদ হওয়া মুন্সীগঞ্জের ৬টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন। বুধবার দুপুরে শহরের দক্ষিণ ইসলামপুর এলাকায় ফ্লাট বাসা ভাড়া নেওয়া উপলক্ষে দোয়া মাহফিল শেষে ওই আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
দোয়া মাহফিল শেষে জুলাই আন্দোলনে শহীদ স্বজল, রিয়াজুল, ডিপজল, শাহরিক, ফরিদ শেখ ও শাওনের পরিবারের সদস্যদের হাতে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন কামরুজ্জামান রতন।
এর আগে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সাবেক এমপি আব্দুল হাইয়ের রোগ মুক্তি কামনা
করে বিশেষ মোনাজাত করেন বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমেদ, চরকেওয়ার ইউনিয়ন বিএনপির নেতা জাহাঙ্গীর ফকির, বিএনপি নেতা সামছুল আলম সরকার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামালসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মহফিল ও আর্থিক সহায়তা প্রদান শেষে বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন শহীদ পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন এবং তাদের ত্যাগ জাতি চিরদিন স্মরণ রাখবে বলে মন্তব্য করেন।