প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫
কাজী সাব্বির আহমেদ দীপু
মুন্সীগঞ্জ সদরের ইছামতি ও ধলেশ্বরী নদীর মোহনায় তীরে তৈরি অস্থায়ী বেদে পল্লীর টঙ ঘরগুলোতে জ্বলছে বিজলী বাতি, চলছে বৈদ্যুতিক টেবিল ফ্যান্ এমনকি, ক্যাসেট প্লেয়ারও চালাচ্ছে বেদেরা। বেদে পল্লীর একাধিক টং ঘরে বসানো সোলার প্যানেলের বিদ্যুতে পল্লীর টঙ ঘরগুলো সন্ধ্যা ঘনিয়ে এলেই আলোকিত হয়ে ওঠে।
মুন্সীগঞ্জ জেলা শহর থেকে ৫ কিলোমিটার অদূরে মিরকাদিম পৌরসভা কার্যালয় ঘেঁষা ইছামতি ও ধলেশ্বরী নদীর মোহনার তীরের এই পল্লীটি মিরকাদিম বেদে পল্লী হিসেবে পরিচিত। এই পল্লীর একটি টং ঘরে বসবাস করছেন অনিকা আক্তার। তার স্বামী মুন্না মিয়া ২৫ হাজার টাকায় একটি ও ১৫ হাজার টাকায় একটিসহ মোট ২টি সোলার প্যানেল লাগিয়েছেন। তারা লাইট জ্বালানোর পাশাপাশি ফ্যানও চালিয়ে থাকেন। তার সঙ্গে কথা বলার সময় চোখে পড়ল ছোট আকারের টেবিল ফ্যান চালিয়ে তিনি রান্না করছেন। অনিকা বললেন, সোলার প্যানেল লাগানোর আগে দিনের বেলায় প্রচন্ড গরমে ও রাত হলে ঘন অন্ধকারে হারিকেন ও কুপি জ্বালিয়ে জীবনযাপন করতেন। আধুনিক যুগে সোলার প্যানেলের মাধ্যমে সেই অন্ধকার জীবনযাপন থেকে সৌরবিদ্যুতের আলোতে তাদের জীবনমানে পরিবর্তন এসেছে।

বেদে পরিবারগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, দুই নদীর মোহনার কাছেই নোঙরে থাকা নৌকায় ও তীরে নির্মিত টং ঘরে বসবাস করছেন ১১০টি পরিবার। নাগরিক সুবিধা বঞ্চিত এসব বেদে পরিবারগুলো দীর্ঘ বছর ধরে দুই নদীর মোহনা ঘেঁষা তীরে আবাসস্থল গড়ে তুলে পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন। নদী থেকে মাছ ধরে ও গ্রামে গ্রামে গিয়ে হাঁড়িপাতিল বিক্রি করে বেদে সম্প্রদায়ের ১১০টি পরিবার জীবিকা নির্বাহ করছেন।
তবে সরকারি ভাবে সহযোগিতা না পেলেও মিরকাদিম বেদে পল্লীর একাধিক পরিবার আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় জীবনমান বদলে গেছে। ইছামতি ও ধলেশ্বরী নদীর মোহনায় তীরে বেদে পল্লীতে বর্তমানে যুগের আধুনিকতার ছোঁয়া লাগাতে তাদের টং ঘরে আধুনিক প্রযুক্তির তৈরী সোলার প্যানেলের বাতি ব্যবহার করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ১১০টি পরিবারের মধ্যে ৬৫টি পরিবার বসবাস করছেন নদীর তীরে নির্মিত একসঙ্গে লাগোয়া টংঘরে। আর ৪৫টি পরিবার জীবনযাপন করেন নৌকাতেই।
বেদে পরিবারে এক বৃদ্ধা আঙ্গুরী বেগম জানালেন, ডাঙায় টং ঘর গুলোর মধ্যে ৮টি পরিবার তাদের ঘরের চালে সোলার প্যানেল লাগিয়েছে। সবাই তাদের নিজ নিজ টাকায় সোলার প্যানেলের মাধ্যমে লাইট জ্বালানো, ফ্যান ব্যবহার ও মোবাইল চার্জ দিয়ে থাকেন। আঙ্গুরী বেগম বলেন, ব্যাটারীসহ ১৫ হাজার টাকা খরচ করে তিন বছর আগে তার ছেলে রতন মিয়া তাদের টং ঘরের চালে সোলার প্যানেল লাগিয়েছেন। লাইট জ্বালানো ও মোবাইল চার্জ দিতে পারলেও ফ্যান চালাতে পারেন না তারা।
সৌর বিদ্যুতের প্যানেল কিভাবে পেলেন জানতে চাইলে বৃদ্ধা আঙ্গুরী বেগম জানান, তারা নিজেদের উপার্জিত অর্থে ১৫ হাজার টাকা দিয়ে সোলার প্যানেল কিনেছেন। সারা দিন বহরে সূর্যের আলোতে চার্জ হয় এটি। রাতে এটি ব্যবহার করে তারা প্রয়োজনীয় কাজকর্ম করেন।
আঙ্গুরী বেগম ও অনিকা আক্তারের ভাষ্য, আধুনিক প্রযুক্তির ছোঁয়া বদলে দিয়েছে তাদের জীবনমান। স্মার্ট ফোনের ব্যবহার, ব্যাটারী দিয়ে খুপড়ি ঘরে সাউন্ড বক্স চালানো, আর সৌর বিদ্যুৎ ব্যবহার আলোকিত করছে তাদের অবহেলিত জীবনকে। অথচ এক সময়ে চেরাগের (কুপির),হারিকেনের আলো ছিল তাদের একমাত্র ভরসা। পিছিয়ে পড়া জনগোষ্ঠির ৬৫টি ঘরে ৬০টি পরিবার নিয়ে বেদে সদস্যদের বসবাস। আগের জীবনে অন্ধকারে এ ঘাট ছেড়ে অন্যঘাটে বসবাস করলেও বর্তমানে তাদের ভিতরে এসেছে আধুনিকতার ছোয়া।
৬৫ বছরের বৃদ্ধা আঙ্গুরী বেগম বলেন, টঙ্গীবাড়ি উপজেলার ধামারণ গ্রামের বেদে পল্লীতে তাদের আদি নিবাস। স্বামী মৃত সামছুল হকের সঙ্গে নানা ঘাট ঘুরে প্রায় ২০-২৫ বছর আগে ইছামতি ও ধলেশ্বরী নদীর মোহনার তীরে আবাসস্থল গড়ে তুলেন তারা। এই পল্লীতে থাকা বেশীর ভাগ পরিবার টঙ্গীবাড়ি বেদে পল্লী থেকে এসেছেন। এছাড়া আরও একাধিক স্থান থেকে এসেছে একাধিক পরিবার। এই এলাকাটি জেলা শহরের অদূরে হওয়ায় নানা সুযোগ সুবিধার কথা চিন্তা করে এখানেই নদীর তীরে টং ঘর বানিয়ে তারা বসবাস করছেন।
বেদে পল্লীর অপর এক নারী সদস্য সাথী আক্তার বলেন, সৌরবিদ্যুৎতের সোলার প্যানেল টা বের হবার পর আমরা অনেক কষ্ট করে কিনার পর সৌর বিদ্যুৎতের সোলার দিয়ে আমরা লাইট, ফ্যান, মোবাইল চার্জের কাজেই ব্যবহার করতে পারছি। সোলার আসাতে আমাদের বেদে পল্লীর জন্য অনেক উপকার হয়েছে। তিনি আরও বলেন, আগে মনে করেন নৌকার চলছি অনেক কষ্টে চলছি কোন জায়গায় তেল পাওয়া গেছে, কোন জায়গায় তেল পাওয়া যায়নি। অনেক সময় আমরা হারিকেনের বাতি জ্বালিয়ে, কুপির বাতি জ্বালিয়ে চলছি। এখন সোলার বিদ্যুৎ আসার পর অনেক শান্তিতে আছি।
সাথী আরো বলেন, সকাল হলেই আমি গাঁ করতে যাই চিনামাটির থালা বাসন বিক্রি করে দুই-তিনশ টাকা আয় হলেও বর্তমানে বাজারে সব জিনিসের যে, দাম চাল ডান কিনে ডাল ভাত খেতেই শেষ হয়ে যায়।
বেদে পরিবারের নারী সদস্যরা জানালেন, এখানে বসবাসরত বেদে পরিবারের লোকজন নদীর মাছ ধরে বিক্রি ও গ্রামে গ্রামে গিয়ে হাঁড়িপাতিল বিক্রির মাধ্যমে অর্থ উপার্জন করে চালাচ্ছেন বেদেদের জীবন।
তারা আরও জানান, গত দুই দশক আগেও আমাদের বেদেদের যে অবস্থা ছিলো, আজ তা নেই। আধুনিকতার ছোঁয়া তাদের সমস্ত জীবন ব্যবস্থাকে প্রভাবিত করেছে। যাযাবর বৃত্তি পরিহার করে স্থায়ী বসতির চিন্তা এখন সব বেদেদের স্বপ্ন। বর্তমান সচেতন সমাজে বেদে পল্লী পরিবারে স্বপ্ন পূর্রণে অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন সাথী।
বেদে পরিবারের সদস্য আকাশ ইসলাম বলেন, আমরা আগের মতো করে চলতে পারি না। আধুনিকাতার ছোয়া বেদে পল্লীতে দেখা গেলেও আয় - রোজগার কম হওয়ায় অনেক কষ্ট করে চলতে হয় আমাদের। আমার ঘরে তিন ছেলে আর এক মেয়ে তাদের নিয়ে আমার পরিবার। আগের পেশা ছেড়ে এখন লঞ্চঘাটে শ্রমিকের কাজ করে যে টাকা উপার্জন হয় তা দিয়ে কোনো মতে স্ত্রী সন্তান নিয়ে বেঁচে আছি।
বেদে আকাশ আরও বলেন, সোলারবিদ্যুতের অনেক সুবিধা পাচ্ছি আমরা। সারাদিন কাজ করে এসে মোবাইলে র্চাজ দিতে পারি, ব্যাটারি দিয়ে ঘরে সাউন্ড বক্স বাজাতে পারি, ফ্যান চালাতে পারি, লাইট জ্বালাতে পারি। তাই এখন আধুনিকতার ছোয়ায় বেদেদের জীবনে কিছুটা পরিবর্তন আসলেও এ সম্প্রদায়ের জীবন অমানবিক। তারা এখনও মূলস্রোত ধারা থেকে বিচ্ছিন্ন, নেই নাগরিক অধিকার। তাদেরকে পেশা পরিবর্তনের সুযোগ করে দিতে পারলে তারা মূল স্রোতে ফিরে আসতে পারবে।
বেদে পরিবারের সদস্য মাজাহারুল ইসলাম বলেন, সৌরবিদ্যুৎতের সোলারে বাতি জ্বালিয়ে আমরা সংসারে কাজ করতে অনেক সুবিধা হয়েছে। আগে আমরা কেরোসিনের তেল পুড়িয়ে বাতি জ্বালাতাম। সোলার আসার পরে আর তেল পুড়িয়ে বাতি জ্বালাতে হয় না। তাদের অনেকেই এখন আর পিছিয়ে পড়া জনগোষ্ঠি হয়ে বসবাস করতে চায় না। এরই রেশ ধরে তাদের ঘরে এখন জ্বলছে আধুনিক প্রযুক্তির তৈরী সোলার বাতি আর ফ্যানের বাতাস ।