প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫
বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি খোলা চিঠি
মাননীয় চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান
এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সদয় অবগতির জন্য—
শ্রদ্ধা ও দায়িত্ববোধের সঙ্গে মুন্সীগঞ্জ–৩ (মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া) আসনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে এই খোলা চিঠি উপস্থাপন করছি।
মুন্সীগঞ্জ–৩ আসনের মোট ভোটার সংখ্যা প্রায় ৫০৯০০০। গজারিয়া উপজেলার ভোটার ১৫২০০০ মুন্সীগঞ্জ সদর ৩৫৭০০০ । যেহেতু মুন্সীগঞ্জ সদর উপজেলাতেই ভোটার প্রায় ৩,৫৭,০০০, যা আসনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অংশ। ভৌগোলিকভাবে মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা মেঘনা নদী দ্বারা বিভক্ত। নৌপথে নদী পার হয়েই যাতায়াত করতে হয় এবং স্থলপথে আসতে হলে অন্য জেলার ওপর দিয়ে দীর্ঘ পথ অতিক্রম করতে হয়।
এই বাস্তবতার কারণেই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল থেকেই গজারিয়া উপজেলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হননি। ইতিহাস, ভূগোল ও ভোটার বিন্যাস—সবকিছু মিলিয়েই এ আসনের নেতৃত্ব সবসময়ই মুন্সীগঞ্জ সদর থেকেই এসেছে।
এই প্রেক্ষাপটে অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক মনোনয়ন তালিকায় মোঃ কামরুজ্জামান রতন-এর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ঘোষণার পরপরই মুন্সীগঞ্জ সদর উপজেলার সর্বস্তরের জনগণ, দলীয় নেতাকর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে তীব্র প্রতিবাদে ফেটে পড়েছেন।
কারণ, এই আসনে মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া—উভয় উপজেলায় সর্বাধিক জনপ্রিয়, পাঁচবার জনগণের ভোটে নির্বাচিত সাবেক সংসদ সদস্য জননেতা আঃ হাই সাহেবের ছোট ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুন্সীগঞ্জ জেলা শাখার সদস্য সচিব, পরীক্ষিত আন্দোলনকারী ও ত্যাগী নেতা জননেতা মোঃ মহিউদ্দিন দীর্ঘদিন ধরেই জনগণের প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছেন।
প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর দলের প্রায় ৯৫ শতাংশ নেতা-কর্মী জননেতা মোঃ মহিউদ্দিনের প্রতি আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে লিখিত আবেদন ও চিঠি প্রেরণ করেছেন। পাশাপাশি সাধারণ জনগণ, তরুণ সমাজ ও নারী সমাজ এক কণ্ঠে বলছে—

“মুন্সীগঞ্জ–৩ আসনের সংসদ সদস্য চাই সদর থেকেই।”
মাননীয় নেতৃবৃন্দ,
এই দাবি কোনো ব্যক্তি কেন্দ্রিক আবেগ নয়। এটি একটি গণদাবি, একটি গণতান্ত্রিক ন্যায্যতা, এবং এই আসনের দীর্ঘদিনের রাজনৈতিক বাস্তবতার স্বাভাবিক প্রতিফলন। এই দাবি উপেক্ষিত হলে মুন্সীগঞ্জ সদর উপজেলায় দলের ঐক্য, ভোটব্যাংক ও আন্দোলনের শক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে—যা আমরা কেউই কামনা করি না।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের কণ্ঠস্বরকে সম্মান করে এসেছে। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় মুন্সীগঞ্জ সদর উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমরা জোরালো ও বিনীতভাবে দাবি জানাচ্ছি—

মুন্সীগঞ্জ–৩ আসনের প্রাথমিক মনোনয়ন পুনর্বিবেচনা ও বাতিল করা হোক।

জনগণের আস্থাভাজন, পরীক্ষিত, ত্যাগী ও জনপ্রিয় নেতা জননেতা মোঃ মহিউদ্দিনকে এই আসনে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হোক।
কারণ--ভোটার সদরেই, আন্দোলন সদরেই, শক্তি সদরেই।
এমপি চাই—সদর থেকেই।
বিনীতভাবে আশাবাদী, কেন্দ্রীয় নেতৃত্ব মুন্সীগঞ্জ–৩ আসনের জনগণের এই ন্যায্য ও যৌক্তিক দাবি গুরুত্বসহকারে বিবেচনা করবেন এবং গণতন্ত্র ও জনস্বার্থের পক্ষে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করবেন।
সশ্রদ্ধ নিবেদক,
মো. গিয়াসউদ্দিন
মুন্সীগঞ্জ সদর উপজেলা
মুন্সীগঞ্জ–৩ আসন।
তারিখ-১৮ ডিসেম্বর ২০২৫