প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫
সিরাজদীখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ টেটাবিদ্ধ ৬
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্যসহ অন্তত ছয়জন টেটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন। সংঘর্ষে দুই গ্রুপের ৩–৪টি বসতঘর ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লতুব্দী ইউনিয়নের কংশপুরা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লতুব্দী ইউনিয়নের কংশপুরা গ্রামের খলিলুর রহমানের সঙ্গে পূর্ব রামকৃষ্ণদি গ্রামের মো. জহিরের হাউজিং প্রকল্প ও মাটি কাটার ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে আধিপত্য ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষ চলাকালে টেটা, লাঠি ও অন্যান্য ধারালো অস্ত্র ব্যবহার করা হয়।
খবর পেয়ে সিরাজদীখান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে এ সময় থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমানসহ অন্তত ছয়জন টেটাবিদ্ধ হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খলিলুর রহমান অভিযোগ করে বলেন, জহিরের অবৈধ মাটি কাটা বন্ধ করে দেওয়ায় শুক্রবার সকালে লোকজন নিয়ে আমার বাড়িঘরে হামলা চালানো হয়। ঘরবাড়ি ভাঙচুর ও স্বর্ণালংকার লুটপাট করা হয়েছে। আমার কয়েকজন লোক টেটাবিদ্ধ হয়েছেন।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে মো. জহির বলেন, খলিলের সঙ্গে আমার বিরোধ অনেক আগের। আজকের ঘটনায় আমি জড়িত নই। কংশপুরা গ্রামের খলিল ও দেওয়ানবাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে।
লতুব্দী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. শামসুদ্দীন খান খোকন বলেন, ড্রেজার মেশিন দিয়ে জমি ভরাটকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। আজকের ঘটনায় কয়েকজন টেটাবিদ্ধ হয়েছেন।
সিরাজদীখান থানার ওসি এম এ হান্নান বলেন, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে রাতেই মামলা দায়ের করা হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত