ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। গতকাল শনিবার পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৬টি মনোনয়ন ফরম ক্রয় করেছে প্রার্থীরা। শনিবার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম।
অপরদিকে গত ১১ ডিসেম্বর মুন্সীগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের জারি করা গনবিজ্ঞপ্তীতে উল্লেখ করা হয়েছে, জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে আগামী ২৯ ডিসেম্বর জমা দিতে হবে। ওইদিনই ৃমনোনয়ন দাখিলের শেষ দিন। সেই সঙ্গে প্রার্থীকে ৫০ হাজার টাকা জামানত জমা দিতে হবে। নির্বাচনী কার্যক্রম নিরবিচ্ছন্ন করতে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়।
এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের জারি করা গনবিজ্ঞপ্তীতে প্রস্তাবকারী-সমর্থনকারীর যোগ্যতা, রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়ন, মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং বৈধ প্রার্থীর তালিকা প্রকাশসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী স্বাক্ষরিত এক গনবিজ্ঞপ্তীতে
আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল দায়ের তারিখ ৫ জানুয়ারী থেকে ৯ জানুয়ারী পর্যন্ত, আপীল নিস্পত্তির তারিখ ১০ জানুয়ারী থেকে ১৮ জানুয়ারী পর্যন্ত, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারী, প্রতীক বরাদ্দের তারিখ ২১ জানুয়ারী এবং ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহনের তারিখ উল্লেখ করা হয়েছে।
মুন্সীগঞ্জ-১ আসনে (১৭১ নম্বর) আগামী ২৯ ডিসেম্বর থেকে পূর্ববর্তী কোনো দিনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচনি এলাকার ভোটার প্রার্থী হতে ইচ্ছুক তাদের জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র গৃহীত হবে।
মুন্সীগঞ্জ-২ আসনে (১৭২ নম্বর) আগামী ২৯ ডিসেম্বর থেকে পূর্ববর্তী কোনো দিনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচনি এলাকার ভোটার প্রার্থী হতে ইচ্ছুক তাদের জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র গৃহীত হবে।
মুন্সীগঞ্জ-৩ আসনে (১৭৩ নম্বর) আগামী ২৯ ডিসেম্বর থেকে পূর্ববর্তী কোনো দিনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচনি এলাকার ভোটার প্রার্থী হতে ইচ্ছুক তাদের জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র গৃহীত হবে।
মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল :
গনবিজ্ঞপ্তীতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ইতিমধ্যে মনোনয়ন ফরম ও প্রয়োজনীয় সামগ্রী সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এই ফরম বিতরণের জন্য আলাদা রেজিস্টার সংরক্ষণ করতে হবে। যোগ্য ব্যক্তিরা যথাযথভাবে পূরণ করা মনোনয়ন পত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কাছে জমা দেবেন। নির্ধারিত সময়ের মধ্যে যেকোনো দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল বা জমা দেওয়া যাবে।
মনোনয়নপত্র জমাদান :
ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। ওইদিন বা তার আগের যেকোনো দিনে প্রার্থী, প্রস্তাবকারী বা সমর্থনকারী মনোনয়নপত্র দাখিল করলে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুচ্ছেদ ১২ এর (৩) অনুযায়ী রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার তা গ্রহণ করবেন। অফিসাররা মনোনয়নপত্র জমা নেওয়ার সময় নির্ধারিত স্থানে ক্রমিক নম্বর দিবেন।
প্রাপ্তি রসিদ ও বাছাইয়ের নোটিস :
মনোনয়নপত্র জমা নেওয়ার সময় প্রতিটি মনোনয়নপত্রের তথ্য রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। সেইসঙ্গে মনোনয়নপত্রের তৃতীয় অংশে দাখিলকারীর নাম, জমাদানের তারিখ ও সময় উল্লেখ করতে হবে। এ ছাড়া, নির্বাচনী এলাকার নাম ও নম্বর, প্রার্থীর নাম, মনোনয়নপত্র জমার তারিখ ও সময় এবং বাছাইয়ের নির্ধারিত তারিখ, সময় ও স্থান উল্লেখ করে মনোনয়নপত্রের পঞ্চম অংশে যুক্ত থাকা প্রাপ্তি স্বীকার রসিদ তাৎক্ষণিকভাবে প্রার্থী বা প্রস্তাবকারী বা সমর্থনকারীকে দিতে হবে।
সহকারী রিটার্নিং অফিসার থেকে মনোনয়নপত্র প্রেরণ :
পরিপত্রে বলা হয়, মনোনয়নপত্র বাছাইয়ের ক্ষমতা জেলা রিটার্নিং অফিসারের ওপর ন্যস্ত। তাই সহকারী রিটার্নিং অফিসারের কাছে দাখিল করা সব মনোনয়নপত্র আগামী ২৯ ডিসেম্বর বিকেল ৫টার পরপরই নিরাপত্তার সঙ্গে রিটার্নিং অফিসারের কাছে পাঠাতে হবে।
উল্লেখ্য , গত বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একই দিন হবে গণভোটও। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
প্রস্তাবকারী ও সমর্থনকারীর যোগ্যতা :
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার যেকোনো ভোটার সংবিধানের ৬৬ অনুচ্ছেদে বর্ণিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে প্রস্তাব বা সমর্থন করতে পারবেন। তবে প্রস্তাবকারী বা সমর্থনকারী হিসেবে কেউ একাধিক মনোনয়নপত্রে স্বাক্ষর করতে পারবেন না। প্রতিটি মনোনয়নপত্রে প্রার্থীর সম্মতি, অযোগ্যতা না থাকার ঘোষণা এবং তিনটির বেশি নির্বাচনী এলাকায় মনোনয়ন জমা না দেওয়ার বিষয়টি উল্লেখ করতে হবে।
রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়ন :
রাজনৈতিক দলের প্রার্থীকে মনোনয়নপত্রের সঙ্গে দলের প্যাডে সভাপতি, সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারীর স্বাক্ষরিত প্রত্যয়নপত্র জমা দিতে হবে। একটি নির্বাচনী এলাকায় যদি কোনো রাজনৈতিক দল একাধিক প্রার্থীকে মনোনয়ন দেয়, তবে ২০ জানুয়ারি ২০২৬ বিকেল ৫টার মধ্যে চূড়ান্ত প্রার্থীর নাম লিখিতভাবে রিটার্নিং অফিসারকে জানাতে হবে। প্রার্থিতা প্রত্যাহার না করলে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থী দলীয় প্রতীক পাবেন।
প্রার্থীদের জামানত :
মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীকে ৫০ হাজার টাকা জামানত জমা দিতে হবে। এ অর্থ নগদ, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে নির্বাচন কমিশনের অনুকূলে জমা দেওয়া যাবে। একই নির্বাচনী এলাকায় একাধিক মনোনয়নপত্র দিলে একটি জামানতই যথেষ্ট হবে। অন্য মনোনয়নপত্রের সঙ্গে চালানের সত্যায়িত অনুলিপি দিতে হবে। জামানতের বাইরে কোনো অতিরিক্ত অর্থ গ্রহণ বা প্রদান সম্পূর্ণ নিষিদ্ধ। জামানতের অর্থ বাংলাদেশ ব্যাংক, যেকোনো ব্যাংক বা সরকারি ট্রেজারি বা সাব ট্রেজারিতে ১০৯০৩০২১০১৪৪৩-৮১১৩৫০১ কোড নম্বরে জমা দিতে হবে। নগদে প্রাপ্ত জামানতের অর্থ রিটার্নিং বা সহকারী রিটার্নিং অফিসার সরকারি খাতে জমা দেবেন।
সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা কার্যালয়
ইসির পরিপত্রে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সময়সূচি অনুসারে কার্যক্রম গ্রহণের লক্ষ্যে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের অফিস, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিস সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত খোলা রেখে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়।