মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার নয়ানগর এলাকায় প্রতিবেশী দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে দেশীয় অস্ত্রের (বটি) কোপে জান্নাত প্রধান (২৭) নিহত হওয়ার ঘটনায় ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
হত্যাকান্ডের শিকার জান্নাত প্রধানের মা জাহানারা বেগম বাদী হয়ে ঘটনার দিন রাত ১১টার দিকে ৫ জনকে আসামী করে গজারিয়া থানায় মামলা করেছেন। মামলার নং১৪। মামলায় উল্লেখিত গ্রামের শাহীন রাঢ়ী, তার তিন ছেলে রিয়াদ রাঢ়ী, তারেক রাঢ়ী,তাজবীন রাঢ়ী ও স্ত্রী তাসলিমা বেগমকে আসামী করা হয়েছে।
গতকাল রবিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেন গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আবু আব্দুল্লাহ। তিনি জানান, হত্যাকান্ডে ব্যবহৃত দেশী অস্ত্র (বটি) জব্দ করা হয়েছে। আসামী গ্রেপ্তার করতে পুলিশ অভিযান পরিচালনা করছেন।
মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গেল শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে বাড়ির সীমানা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা পরিকল্পিত ভাবে জান্নাত প্রধানকে ডেকে নিয়ে বসত ঘরের দরজা বন্ধ করে কুপিয়ে হত্যা করে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নয়ানগর গ্রামের বাসিন্দা শাহীন রাঢ়ীর মাদকাসক্ত দুই ছেলে তারেক ও রিয়াদের মধ্যে দীর্ঘদিন ধরে মাদক বিক্রির টাকার হিস্যা ও পারিবারিক নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে তাদের মধ্যে ফের তীব্র ঝগড়া শুরু হলে তা থামাতে প্রতিবেশী জান্নাত প্রধানকে ডেকে নেন তাসলিমা বেগম। একপর্যায়ে রিয়াদ তার ভাই তারেক'কে লক্ষ্য করে দা দিয়ে কোপ দিলে তা জান্নাত প্রধানের শরীরে লাগে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জান্নাত প্রধানকে উদ্ধার করে গজারিয়ার হামদর্দ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মারিয়া মোস্তারীন তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আব্দুল হক জানান, অভিযুক্ত পরিবারের দুই ভাই নেশাসক্ত ছিলেন এবং বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডে জড়িত। তারা পরিকল্পিত ভাবে জান্নাতকে ডেকে নিয়ে হত্যা করেছে। তারা এই হত্যার সুষ্ঠু বিচার ও ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত পরিবারের সদস্যরা বসতঘর তালাবদ্ধ করে এলাকা ছেড়ে পালিয়ে যান বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে জান্নাত হত্যা মামলার তদন্ত কর্মকর্তা গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।