চব্বিশের ৪ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয় শত শত ছাত্র জনতা। সবকিছু নিয়ন্ত্রণে থাকা ঢাকার অদূরে ধলেশ্বরী নদীর তীরে জেলা শহরে বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে রাজপথ, ঢেউ উঠে আওয়ামী লীগ সরকার পতনের। ঘড়ির কাটায় সকাল সাড়ে ৯টা তখন, শহরের থানারপুল থেকে কৃষি ব্যাংক মোড় ও থানারপুল থেকে মানিকপুর সড়কে নামে ছাত্র-জনতার ঢল। স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে হটাতে তাদের বজ্রকন্ঠে নানা স্লোগান। এক পর্যায়ে শহরের থানারপুল এলাকার একটি মার্কেটের সামনে মানববন্ধনে দাঁড়িয়ে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে শামিল হন সাধারণ মানুষও। ঠিক সে সময় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল কবির ও সাবেক ভাইস চেয়ারম্যান সোহেলের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা
মানববন্ধনকারী শিক্ষার্থীদের মারধর করে তাড়িয়ে দেয়। আর এ খবর মুহুর্তেই ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠে কৃষি ব্যাংক মোড় ও মানিকপুর সড়কে অবস্থান নেওয়া সরকার পতনের আন্দোলনকারীরা। তারা সামনের দিকে এগোতেই তাদের ওপর টিয়ার শেল ও গুলি ছোড়ে পুলিশ।
সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের সঙ্গে সেখানে অবৈধ আগ্নেয়াস্ত্র হাতে ছাত্র-জনতার ওপর হামলে পড়ে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা। ছাত্র-জনতার ওপর চলে নির্বিচারে গুলিবর্ষণ। হেলমেট পরে অবৈধ অস্ত্র হাতে ছাত্রলীগ-যুবলীগের গুলিবর্ষণে প্রকম্পিত হয়ে ওঠে গোটা শহর। ক্ষমতাসীনদের অবৈধ অস্ত্রের দাপটের কাছে ছাত্র-জনতা বুক পেতে নেন। বেলা সাড়ে ১১টা থেকে গণমাধ্যমকর্মীদের কাছে আসতে থাকে অসংখ্য গুলিবিদ্ধ ও ৩/৪ জন নিহত হওয়ার খবর। এমনকি গুলিবিদ্ধ ও আহতদেরও চিকিৎসা নিতে জেনারেল হাসপাতালে যেতে বাঁধা দেয় যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীরা।
চব্বিশের ৫ আগষ্ট সরকার পতনের আগের দিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে দফায় দফায় ছাত্র-জনতা ও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে নিহত হয় তিনজন। শহরের উত্তর ইসলামপুর এলাকার দিনমজুর সজল মোল্লা (৩০), রিয়াজুল ফরাজী (৩৮) ও নুর মোহাম্মদ ডিপজল (১৯)
ঘাতকের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। অপরদিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের রেজিস্ট্রার অনুযায়ী গুলিবিদ্ধ ৯৫ জন চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন শতাধিক। এ ঘটনায় সদর থানায় পৃথক তিনটি হত্যা মামলাসহ ৫টি মামলায় আসামী করা হয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। অথচ চব্বিশের ১৭ ও ১৯ জুলাই এবং ৪ আগস্ট ছাত্র-জনতার সরকার পতনের আন্দোলনে স্থানীয়
ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের প্রকাশ্যে ব্যবহার করা অবৈধ আগ্নেয়াস্ত্র ১৭ মাস পেরিয়ে গেলেও আজও তা উদ্ধার হয়নি। যা মামলার আলামত হিসেবে আদালতে উপস্থাপন করা হবে। এমনকি গুটি কয়েক গ্রেপ্তার হলেও বেশীরভাগ অস্ত্রধারীই এখনও রয়ে গেছে অধরা।
এই অবস্থায় ছাত্র জনতাসহ প্রত্যক্ষদর্শী শহরবাসীর প্রশ্ন-
ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের প্রকাশ্যে ব্যবহার করা সেই অবৈধ অস্ত্র গেল কোথায়। ওই ঘটনার পরদিন চব্বিশের ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যায় সেসব অস্ত্রধারীরা। আবার অস্ত্রধারীদের কেউ কেউ বিদেশে পালিয়েছেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, অস্ত্রধারীদের মধ্যে কেউ কেউ দেশের বাইরে চলে গেছে আর বেশীর ভাগই আত্মগোপনে রয়েছেন দেশের অভ্যন্তরের বিভিন্ন এলাকায়। আওয়ামী অস্ত্রধারীদের গুলিতে তিনজন নিহত ও অসংখ্য ছাত্র জনতা গুলিবিদ্ধের ঘটনার এক বছর ৫ মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত ছাত্র-জনতার ওপর ব্যবহার করা অবৈধ অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীরা গ্রেপ্তার হয়নি। তাই নিহত ও আহতদের পরিবার ও স্বজনরা অবৈধ অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের গ্রেপ্তারের দাবীজানিয়েছেন।
এদিকে পুলিশ ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অস্ত্রধারীদের চিহ্নিত করা হয়েছে এবং চিহ্নিত করার কাজ শেষ পর্যায়ে। করা হয়েছে তালিকাও। অন্যদিকে একাধিক গণমাধ্যমকর্মীদের হাতে আসা বেশ কয়েকটি ভিডিও ফুটেজ ও ছবিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৪ আগস্ট শহরের থানারপুল ও কৃষি ব্যাংক মোড়ে পুুলিশের উপস্থিতিতেই হেলমেট পরিহিত অবস্থায় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের ছাত্র-জনতার ওপর অবৈধ অস্ত্রে গুলিবর্ষণ করার চিত্র ফুটে উঠেছে। এছাড়া গত ১৯ জুলাই শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বরাই এলাকায় হেলমেট পরে অবৈধ অস্ত্র হাতে ছাত্রলীগ নেতার ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এর মধ্যে ছাত্র-জনতার ওপর অবৈধ অস্ত্রের গুলিবর্ষণের ঘটনায় সর্বাগ্রে উঠে এসেছে শহর ছাত্রলীগের সভাপতি নসিবুল ইসলাম নোবেল এবং সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন সাগরের নাম। ৪ আগস্টের ভিডিও ফুটেজে গলায় গামছা ও মাথায় হেলমেট পরে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণসহ অবৈধ অস্ত্র হাতে সাজ্জাদ হোসেন সাগরকে দিনভর দেখা গেছে থানারপুল ও কৃষি ব্যাংক মোড়ে। সেদিন সেখানে তাকে ছাড়াও হেলমেট পড়া আরও কয়েকজন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীকে অস্ত্র হাতে দেখা গেছে। এর আগে ১৯ জুলাই শহরের উপকণ্ঠ মিরেশ্বরাই এলাকার সড়কে ছাত্র-জনতা ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করতে গেলে সেখানে হেলমেট পরে অবৈধ অস্ত্র হাতে দেখা যায় শহর ছাত্রলীগের সভাপতি নসিবুল ইসলাম নোবেলকে। ওই সময় তিনি ছাত্র-জনতা ও সাংবাদিকদের লক্ষ্য করে গুলি ছোড়েন।
একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সরকার পতনের পর দেশ ছেড়ে এখন নেদারল্যান্ডসে স্ত্রীর সঙ্গে অবস্থান করছেন শহরের সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রলীগের সভাপতি অস্ত্রধারী নিবির আহমেদ। আরেক অস্ত্রধারী সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহাত আহমেদ শাকিল চলে গেছেন মধ্যপ্রাচ্যের কাতারে। হেলমেট পরে গুলিবর্ষণ করা শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর প্রথমে সৌদি আরবে পালিয়ে যান। সেখান থেকে তিনি দক্ষিণ কোরিয়ায় অবস্থানকালে সেদেশের পুলিশের হাতে গ্রেপ্তার হয় সাগর। এরপর কুরিয়ান পুলিশ সাগরকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়। এতে সাগর বিমানবন্দর থেকে বের হয়ে আত্মগোপনে চলে যায়। এর প্রায় দেড় মাসের মাথায় গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল ছাত্রলীগ নেতা সাগরকে ঢাকার ডেমরা এলাকা থেকে গ্রেপ্তার করে। বর্তমানে সাগর মুন্সীগঞ্জ জেলহাজতে রয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার ভাষ্য, শহর ছাত্রলীগের সভাপতি অস্ত্রধারী নসিবুল ইসলাম নোবেল দেশে আছেন, নাকি বিদেশে পালিয়েছেন তা কেউ বলতে পারছেন না। এমন করেই অস্ত্রধারী ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা দেশে-বিদেশে আত্মগোপনে ও পালিয়ে বেড়াচ্ছেন।
তারা জানায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পর ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের পলায়ন হলেও তাদের ব্যবহৃত অবৈধ অস্ত্র গেল কোথায় এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সর্বমহলে।
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী আবু সুফিয়ান বিপ্লব বলেন, পুলিশের সঙ্গে এক কাতারে থেকে ছাত্রলীগ ও যুবলীগ হেলমেট পরে গুলিবর্ষণ করেছে। তাদের গুলিতে তিনজন নিহত ও শতাধিক গুলিবিদ্ধ হয়েছেন। ছাত্রলীগ-যুবলীগ আত্মগোপনে কিংবা পালিয়ে গেলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে তাদের সেই অবৈধ অস্ত্র উদ্ধার করা এখন সময়ের দাবী।
গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ শহরের উত্তর ইসলামপুরের মঞ্জিল মোল্লা জানান, ৪ আগস্ট সকালে ছাত্রদের ওপর একের পর এক হামলা করে ধাওয়া দেওয়ার খবর কানে আসে তার। এতে তিনি ছাত্রদের সঙ্গে আন্দোলনে শামিল হতে ছুটে যান পিটিআইসংলগ্ন কৃষি ব্যাংক মোড়ে। এ সময় আকস্মিক তার পেটে দুটি গুলি লাগে। তিনি বলেন, সেদিন আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বিচারে আমাদের ওপর গুলি ছুড়েছিল। অসংখ্য মানুষ গুলিবিদ্ধ হয়। আমার এলাকার তিন ভাই গুলি খেয়ে মারা যায়। তিনি আরও বলেন, সেদিন যেসব অস্ত্র ব্যবহার করা হয়েছে। স্বৈরাচার সরকার পতনের পর সেই অবৈধ অস্ত্র এখন কোথায়। তা খুঁজে খুঁজে উদ্ধার করা দরকার। একই সঙ্গে অস্ত্রধারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পদক্ষেপ নিতে হবে।
মুন্সীগঞ্জের নবনিযুক্ত পুলিশ সুপার মো. মেনহাজুল আলম সাংবাদিকদের জানান, চব্বিশের ৪ আগস্টের ঘটনার বেশ কিছু ভিডিও ফুটেজ জেলা পুলিশের হাতে এসেছে। সেসব ভিডিও ফুটেজ পর্যালোচনা করে চিহ্নিত করা হয়েছে অস্ত্রধারীদের। পুলিশ সুপার জানিয়েছেন, তিনি এ জেলায় যোগদানের পরদিন থেকেই অস্ত্রধারীদের গ্রেপ্তার করতে জেলা পুলিশের একাধিক টিম মাঠ পর্যায়ে কাজ করছে। একই সঙ্গে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জেলা পুলিশের দায়িত্বশীল অপর একটি সূত্র জানায়, বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকা অস্ত্রধারীরা শিগগিরই পুলিশের জালে ধরা পড়বে । চব্বিশের ৪ ও ৫ আগস্টের ঘটনায় বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। এছাড়া যেসব অবৈধ অস্ত্র এখনও উদ্ধার হয়নি, সেগুলো উদ্ধারে নতুন কৌশলে কাজ চালিয়ে যাচ্ছেন তারা।