মুন্সীগঞ্জে মেডিকেল ইকুইপমেন্ট ব্যবসা প্রতিষ্ঠান কেয়ার জোন কোম্পানির চেয়ারম্যান মো. নাছির উদ্দিনের পরিবারের কাছে চাঁদা দাবির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। গতলাল সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে কেয়ার জোন কোম্পানির পক্ষ থেকে অভিযোগ করা হয়, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. নাছির উদ্দিন মুন্সীগঞ্জ সদরের উত্তর মহাকালী এলাকার বাসিন্দা। তিনি ২০০৯ সাল থেকে সিঙ্গাপুরে কর্মরত রয়েছেন।
পাশাপাশি বাংলাদেশে ‘কেয়ার জোন’ নামে একটি মেডিকেল ইকুইপমেন্ট ব্যবসা পরিচালনা করে আসছেন। বর্তমানে তার পরিবারের সদস্য ও প্রতিনিধিরা দেশে কোম্পানির কার্যক্রম তদারকি করছেন।
লিখিত বক্তব্যে জানানো হয়, একই এলাকার রনি মোল্লা (৩৫), ইতি বেগম (৩০), আল আমিন মোল্লা (৩৮) ও আশ্রাফ ওরফে বাদল (৪৩) দীর্ঘদিন ধরে কেয়ার জোন কোম্পানির চেয়ারম্যানের পরিবারের কাছে ৩৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা বিভিন্ন ধরনের ভয়ভীতি, খুন ও জখমের হুমকি এবং চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের ক্ষতিসাধনের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করা হয়। এতে চেয়ারম্যানের পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়। এ বিষয়ে গত ২১ ডিসেম্বর মুন্সীগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান বক্তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেয়ার জোন কোম্পানির কর্মকর্তা মো. লাভলু, মো. নজরুল ইসলাম, মো. মাসুমসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা এবং মো. নাছির উদ্দিনের পরিবারের সদস্যরা।#