বড়দিন উপলক্ষে মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলায় খ্রিস্টান সম্প্রদায়ের একমাত্র গির্জা পরিদর্শন ও ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ।
গতকাল বুধবার সকাল ১১টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামে অবস্থিত সাধু জোসেফ গির্জায় প্রভু যীশু খ্রিস্টের আবির্ভাব তিথি উপলক্ষে তিনি খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় শেখ মো. আব্দুল্লাহ বলেন, আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করবে। প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে এবং একে অপরকে সহযোগিতা করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধু জোসেফ গির্জার ফাদার লিংকন মিখায়েল কস্তা, কেয়াইন ইউনিয়ন পরিষদের সদস্য নয়ন রোজারিও, প্যারিস কাউন্সিলের সদস্য রবিন ডি রোজারিও, ইউবার্ড গোমেজ, জন রোজারিওসহ খ্রিস্টান সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ।