প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫
কাজী সাব্বির আহমেদ দীপু
গঙ্গা নদীর উপর নির্মিত ফারাক্কা ব্যারেজের প্রভাব পড়েছে দেশের বিভিন্ন নদ-নদীতে। সেই প্রভাব ছড়িয়েছে নদী বেষ্টিত মুন্সীগঞ্জ জেলার লৌহজং এবং টঙ্গীবাড়ি উপজেলা ঘেঁষে প্রবাহিত পদ্মা অংশে। ফলে পদ্মার এই অংশে পানি প্রবাহ কমে যাওয়ায় এবং ভাঙ্গনে বিলীন লৌহজংয়ের অসংখ্য ফসলি জমি ও বসতবাড়ীর বিপুল পরিমানের মাটি ও বালু পদ্মার ঘূর্ণায়মান স্রোতে ভেসে গেছে ভাটিতে। এই সময়ে পদ্মার বালু ও মাটি তালতলা-গৌড়গঞ্জ খাল দিয়ে ভেসে ধলেশ্বরী ও ইছামতি নদীর বিভিন্ন স্থানে জড়ো হয়েছে। আর এভাবে বছরের পর বছর পদ্মার বালু ও মাটি জড়ো হয়ে সৃষ্টি করেছে ছোট ছোট ডুবোচর। এর ফলে পানি প্রবাহ কমে যাওয়ায় এক সময়ের খরস্রোতা ধলেশ্বরী ও ইছামতি নদীতে বিরূপ প্রভাব পড়েছে।
অপরদিকে ধলেশ্বরী ও ইছামতি নদী নাব্যতা সঙ্কটের কবলে পড়ায় ফসলী জমিতে সেচ কার্যক্রম, মালামাল পরিবহনও ব্যাহত হচ্ছে । ঐতিহ্য হারিয়েছে ঐতিহ্যবাহী মীরকাদিম ও লৌহজং বন্দর। নদী শুকিয়ে যাওয়ায় তীরবর্তী ফসলী জমিতে সেচ দেওয়া যাচ্ছে না। এতে বিরুপ প্রভাব পড়েছে ফসল উৎপাদনে। মৎস্য জীবীদের মাছ ধরা বন্ধ হয়ে গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শুধু খরস্রোতা ধলেশ্বরী ও ইছামতি নদীই নয়, পলি জমে একাধিক শাখা নদী শুকিয়ে এখন সরু খালে পরিণত হয়ে অস্তিত্ব হারিয়ে ফেলেছে। নদীর বুকে পড়েছে চর, তদারকি না থাকায় জেগে ওঠা চর চলে যাচ্ছে বেদখলে। এমনকি নদী শুকিয়ে যাওয়ায় বিরূপ প্রভাব পড়েছে নৌ-যোগাযোগ, কৃষি এবং মৎস্য চাষে। অথচ এক সময় বিক্রমপুর তথা মুন্সীগঞ্জ পদ্মা, মেঘনা, ধলেশ্বরী আর ইছামতি নদী দ্বারা বেষ্টিত ছিল। কালের পরিক্রমায় খরস্রোতা ধলেশ্বরী এবং ইছামতি নদী তার চিরচেনা রূপ হারিয়ে ফেলেছে। এমনকি পদ্মা, মেঘনা, ইছামতি আর ধলেশ্বরী নদীতে হুইসেল বাজিয়ে জাহাজের যাত্রা, নোঙর ফেলা এবং পাল তোলা বড় বড় নৌকায় মাল পরিবহনের চিত্র হারিয়ে গেছে। এসব এখন শুধুই ইতিহাস।
সুবচনী গ্রামের সুলতান আহমেদ জানালেন, বর্ষায় পদ্মার বালু ও মাটি স্রোতের সঙ্গে তালতলা-গৌড়গঞ্জ খাল দিয়ে এসে ধলেশ্বরী ও ইছামতি নদীর বিভিন্ন স্থানে বাঁধাপ্রাপ্ত হয়ে জড়ো হয়েছে বছরের পর বছর। গত এক যুগের বেশী সময় ধরে বালুমাটি জমে নাব্যতা দেখা দেওয়ায় ইছামতি নদী ও ধলেশ্বরী নদীর পানির প্রবাহ কমে গিয়ে অনবরত নদীর বুকে চর পড়তে পড়তে সরু হয়ে পড়েছে । ফলে এক সময়ের খরস্রোতা ধলেশ্বরী ও ইছামতি নদী বর্তমানে তার যৌবন হারিয়ে সরু খালে পরিণত হয়ে অস্তিত্বই হারাতে বসেছে।
আবদুল্লাপুর বাজারের ডা. আব্দুল আলিম বলেন, ইছামতি নদী শুকিয়ে যাওয়ায় আবদুল্লাপুর এবং বেতকা বাজারের আলুর আড়ৎ এবং হাট হুমকির মুখে। তালতলা থেকে কাঠপট্টি পর্যন্ত ধলেশ্বরী নদী নিয়মিত ড্রেজিং করে নাব্যতা ফিরিয়ে আনা আবশ্যক।
বেতকা গ্রামের কৃষক আবু হানিফ জানান, শুষ্ক মৌসুমে ধলেশ্বরী নদীতে পানি না থাকায় জমিতে সেচ দেওয়া যায় না। বিশেষ করে আলু মৌসুমে জমিতে নদী খাল থেকে পানি দিতে না পারায় উৎপাদন খরচ বৃদ্বি পায় এবং ফসল উৎপাদনও কম হয়।
অপরদিকে দিনে দিনে প্রশস্থতা কমছে ও নাব্যতা হারিয়েছে তালতলা-ইছাপুরা-শ্রীনগর খাল এবং বালিগাঁও-লৌহজং খাল দুইটিও।
ইতিহাস ও ঐতিহ্য নিয়ে গবেষণায় যুক্ত লেখক গোলাম আশরাফ খান উজ্জ্বল বলেন, পদ্মা, মেঘনা, ধলেশ্বরী এবং ইছামতি মুন্সীগঞ্জের গর্বের ইতিহাস। ব্যক্তিস্বার্থে নদী দখল আর মানব সৃষ্টে ভরাট হওয়ায় নদী ক্রমাগত তার নাব্যতা হারাচ্ছে। ফলে পণ্য পরিবহন, ফসল উৎপাদন এবং চাষাবাদ ব্যহত হচ্ছে, বন্ধ হয়ে যাবার উপক্রম নদী তীরবর্তী হিমাগার সমূহ। ইছামতি এবং ধলেশ্বরী নদী নাব্যতা হারানোর ফলে মুন্সীগঞ্জ তার অর্থনৈতিক গুরুত্ব হারাতে বসেছে। এই অবস্থায় ড্রেজিং করে নদীর নাব্যতা ফিরিয়ে আনা জরুরি।
ক্রাউন সিমেন্ট লিমিটেডের পরিচালক মো. আশরাফুজ্জামান আশরাফ বলেন, ধলেশ্বরী এবং ইছামতি নদী শুকিয়ে যাওয়ায় মুক্তারপুর অঞ্চলে উৎপাদিত সিমেন্ট দেশের বিভিন্ন এলাকায় সরবরাহে পরিবহনে খরচ কয়েকগুন বেড়ে গেছে। তাই কাঠপট্টি থেকে গৌড়গঞ্জ খাল হয়ে পদ্মা নদী পর্যন্ত নাব্যতা ফিরে আনতে পারলে উত্তর এবং দক্ষিণাঞ্চলে নৌ পথে পণ্য পরিবহন সহজ হয় এবং খরচ অনেক কমে যাবে।
নাব্য সঙ্কটে নৌরুটে বন্ধ লঞ্চ চলাচল
নাব্য সঙ্কটের কারনে বন্ধ হয়ে গেছে ধলেশ্বরী ও ইছামতি নদী দিয়ে লৌহজং-ঢাকা, তালতলা-মুন্সীগঞ্জ-নারায়নগঞ্জ নৌরুট। অথচ এক যুগ আগেও ধলেশ্বরী ইছামতি নদী দিয়ে সারা বছর লৌহজং-ঢাকা ও তালতলা-মুন্সীগঞ্জ-নারায়নগঞ্জ রুটে যাত্রীবাহী লঞ্চ এবং মালবাহী কার্গো জাহাজ চলাচল করত। মালামাল পরিবহনে সুবিধা থাকায় নদী তীরবর্তীতে গড়ে উঠে মীরকাদিম বন্দর।

বিআইডব্লিউটিএ লৌহজংয়ের ডহুরী, বালিগাঁও লঞ্চঘাট স্থাপন করে। তালতলা-মুন্সীগঞ্জ ১০ কিলোমিটার দীর্ঘ নৌ-পথে তালতলা, বেতকা, আবদুল্লাপুর এবং মুন্সীগঞ্জ লঞ্চঘাট ছিল। সিরাজদীখান টঙ্গীবাড়ি লৌহজং উপজেলার মানুষ প্রধানত নৌ-পথে ঢাকা, মুন্সীগঞ্জ ও নারায়নগঞ্জে যাতায়াত করত। গত দেড় যুগ পুর্বেও গৌড়গঞ্জ খাল দিয়ে লৌহজং কাঠপট্টি হয়ে ঢাকায় যাত্রীবাহী বড় বড় লঞ্চ ও মালবাহী কার্গো চলাচল করত। নদীপথের সুবিধা থাকায় ধলেশ্বরী নদীর তীরে গড়ে উঠে ঐতিহ্যবাহী পাটকল বেতকা ব্রড বারলাবসহ আটটি হিমাগার । দেশের বিভিন্ন স্থান থেকে ধান সরিষা আসতো কাঠপট্টির ধানকলে এবং সরিষার ঘানিতে।
স্থানীয় সূত্র ও বিআইডব্লিউটিএ সূত্র জানায়, বছরের পর বছর ধরে পলিমাটি জমে ছোট ছোট চর জেগে উঠায় নাব্যতা সঙ্কটের কবলে পড়ে ধলেশ্বরী ও ইছামতি নদী। আর নদী দু'টি নাব্যতা হারানোর কারনে লৌহজং-কাঠপট্টি-ঢাকা, সিরাজদীখান-তালতলা-মুন্সীগঞ্জ- নারায়নগঞ্জ এবং তালতলা-মুন্সীগঞ্জ-ঢাকা নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে । বিআইডব্লিউটিএ গত কয়েকবছর পূর্বে তালতলা, বেতকা, আবদুল্লাপুর লঞ্চঘাটের পল্টুন ও সরিয়ে নিয়েছে । নৌ-পথকে কেন্দ্র করে গড়ে উঠা মীরকাদিম বন্দর , তালতলা, বেতকা এবং আবদল্লাপুর বাজার এখন মৃত প্রায়। নাব্যতা সংকটে মীরকাদিম বন্দরের কাঠপট্টি ঘাটেও বর্তমানে যাত্রীবাহি লঞ্চ ভিড়তে পারছে না। বন্ধ হয়ে যাওয়ার সর্বশেষ তালিকায় যুক্ত হতে যাচ্ছে কাঠপট্টি লঞ্চঘাটটিও। নাব্যতা প্রকট আকার ধারণ করায় বর্তমানে সদরঘাট- দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় চলাচলরত লঞ্চগুলো বর্তমানে ধলেশ্বরী নদীর মাঝখানে অবস্থান নিয়ে ট্রলারের মাধ্যমে যাত্রী ওঠানোনামানো করছে।