মুন্সীগঞ্জের সিরাজদীখানে বছরের প্রথম দিনেই ২৬ হাজার ৭৮০ জন শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার ১২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৫৬টি কেজি স্কুলে শিক্ষার্থীদের মধ্যে এসব বই বিতরণ করা হয়। বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকরা নিজ নিজ প্রতিষ্ঠানে বই বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ১ লাখ ২২ হাজার ৬৬৭টি বই বিতরণ করা হয়েছে। পাশাপাশি প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৫ হাজার ১০০টি খাতা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, শিশু শ্রেণির শিক্ষার্থীরা ২টি করে বই পেয়েছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ৩টি করে এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৬টি করে বই বরাদ্দ রয়েছে। বছরের প্রথম দিনেই সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।