প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬
গজারিয়ায় শীত উপেক্ষা করে বোরো আবাদে ব্যস্ত কৃষকরা.
জুয়েল দেওয়ান,গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় প্রচণ্ড শৈত্যপ্রবাহ ও কনকনে শীত উপেক্ষা করে বোরো ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডার মধ্যেও ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করছেন তারা।
গতকাল বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন গ্রামের ফসলের মাঠে দেখা গেছে, কেউ জমিতে চারা রোপণ করছেন, কেউ জমি প্রস্তুত করছেন সেচ ও মই দিয়ে। শীতের কারণে কাজ করতে কষ্ট হলেও বোরো আবাদই এখন কৃষকদের প্রধান ব্যস্ততা। সময় মতো রোপণ না করলে ফলন ব্যাহত হওয়ার আশঙ্কায় শীত উপেক্ষা করেই মাঠে নেমেছেন তারা।
বালুয়াকান্দি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের কৃষক জয়নাল, মোকলেছসহ কয়েকজন কৃষকের সঙ্গে কথা বললে তারা জানান, এবার শীত তুলনামূলক বেশি হলেও বোরো আবাদ না করলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে। তাই স্বাস্থ্যঝুঁকি নিয়েই মাঠে কাজ করতে হচ্ছে। তবে শীতের কারণে অনেক এলাকায় শ্রমিক সংকট দেখা দিয়েছে, যার ফলে উৎপাদন খরচও বেড়ে যাচ্ছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী গজারিয়ায় আবাদ কার্যক্রম এগিয়ে চলছে। শীত জনিত সমস্যা মোকাবেলায় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার ফয়সাল আরাফাতবিন ছিদ্দিক জানান, সঠিক পরিচর্যা এবং সময়মতো সেচ নিশ্চিত করা গেলে শীতের বিরূপ প্রভাব কাটিয়ে ভালো ফলন পাওয়া সম্ভব। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও বোরো মৌসুমে ভালো উৎপাদনের আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, গত মৌসুমে ১৫৬ হেক্টর জমিতে বোরোর বীজতলা তৈরি করা হলেও চলতি মৌসুমে তা ৩ হেক্টর বৃদ্ধি পেয়ে মোট ১৫৯ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত