দেশের একমাত্র আমদানি-রফতানি বানিজ্য ও পণ্য পরিবহনে এবং মানুষের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। মহাসড়কটি অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এ সড়কে সন্ধার পর থেকে থেকেই বাড়তে থাকে ডাকাত আতঙ্ক। এমনকি দীর্ঘ যানজটে থেকে থাকা গাড়িতেও লুটপাটের ঘটনা ঘটে। গুরুত্বপূর্ণ মহাসড়কটিতে একের পর এক ডাকাতি হলেও মিলছে না কোন প্রতিকার। আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা ও ঢিলেঢালা টহলের কারণে এবং পর্যাপ্ত আলোর অভাবে এই পথে নিয়মিত ঘটছে ছিনতাই, ডাকাতি ও দুর্ঘটনা। একের পর এক ডাকাতির ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যাত্রী ও যানবাহনের চালকদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠেছে। দিনে-রাতে মহাসড়কে চলাচলকারী যানবাহন থামিয়ে ডাকাতেরা অস্ত্রের মুখে যাত্রীদের সর্বস্ব লুটে নিয়ে যাচ্ছে। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও চলছে ডাকাতি।
আলোচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গত ৭ই ডিসেম্বর বেলা সোয়া ৩টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসে করে সোনা নিয়ে যাচ্ছিলেন দুই ভাই। বাসটি মুন্সীগঞ্জের গজারিয়া এলাকায় পৌঁছালে পুলিশের পোশাক পরা তিনজনসহ পাঁচজনের একটি দল ওই দুই ভাইয়ের বিরুদ্ধে মাদক মামলার অজুহাত দেখিয়ে বাস থেকে নামিয়ে নেন। একপর্যায়ে তাঁদের হাতকড়া পরিয়ে একটি মাইক্রোবাসে তোলা হয়। পরে তাদের চোখ বেঁধে মারধর করে ১৪৫ ভরি স্বর্ণালংকার, টাকা, মুঠোফোন, এটিএম কার্ড ও জাতীয় পরিচয়পত্র ছিনিয়ে নেওয়া হয়। ওই দুই ব্যবসায়ীকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার একটি এলাকায় হাত-পা বেঁধে ফেলে রাখা হয়। পরে দুই দিনের মধ্যে মুন্সীগঞ্জ জেলা পুলিশ অভিযান চালিয়ে ৯৪ ভরি স্বর্ণ উদ্ধারসহ অপরাধীদের আটক করে।
মহাসড়কে প্রবাসীদের গাড়ির পাশাপাশি ডাকাতদের চোখ যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের দিকে। যানজটকে সুযোগ হিসেবে নেয় ডাকাতরা। গুরুত্ব বিবেচনায় বিভিন্ন অংশে হাইওয়ে থানা বসালেও ফলাফল তেমন নয়। হাইওয়ে পুলিশের অবহেলাকে দূষছেন ভুক্তভোগীরা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগে ডাকাতির ঘটনা ঘটলেও ৫ আগস্টের পর তা বেড়েছে। বিমানবন্দর হয়ে দেশে ফেরা প্রবাসী, রাজধানীতে আসা ব্যবসায়ী, গাড়িচালক ও স্থানীয় তৈরি পোশাক শ্রমিকেরা বেশি ডাকাতি, ছিনতাইয়ের শিকার হচ্ছেন। বেশির ভাগ ক্ষেত্রেই ‘ঝামেলা এড়াতে মহাসড়কে ডাকাতির শিকার ব্যক্তিরা মামলা করতে চান না। অনেক সময় পুলিশও ডাকাতির ঘটনায় ছিনতাইয়ের মামলা কিংবা শুধু জিডি নিয়েই দায় শেষ করেন। কিছু ঘটনায় হওয়া মামলায় ডাকাত দলের সদস্যরা ধরা পড়লেও জামিনে বেরিয়ে আসামিরা আবার ডাকাতিতে জড়াচ্ছেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির সুনির্দিষ্ট পরিসংখ্যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাওয়া যায়নি। তবে এই মহাসড়কে চলাচলকারী কুমিল্লা অঞ্চলের হালকা যানবাহনের চালকেরা নিজেদের ভার্চ্যুয়াল গ্রুপে শেয়ার করা তথ্যের বরাত দিয়ে বলছেন, গত ছয় মাসে নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে গজারিয়া অংশসহ কুমিল্লার চান্দিনা পর্যন্ত মহাসড়কে অন্তত ১০০ ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। যার বেশির ভাগের ক্ষেত্রে কোনো মামলা হয়নি। অপর দিকে শেষ ছয় মাসে ঢাকা-চট্টগ্রাম নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জসহ বিভিন্ন মহাসড়কে ডাকাতির ঘটনায় অন্তত ২৩ টি মামলার তথ্য পাওয়া গেছে। ঘটনা অনেক, মামলা অনেক কম হয়।
মামলার পরিসংখ্যান দিয়ে ঘটনার ভয়াবহতা বিচার করা যাবে না বলে মনে করেন মুন্সীগঞ্জের বর্তমান দুজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, মহাসড়কে ডাকাতি ও ছিনতাইয়ের পর সর্বোচ্চ ১০ শতাংশ ঘটনায় ভুক্তভোগীরা পুলিশের কাছে আসে। মামলা হয় আরও কম। কোনো ক্ষেত্রে ডাকাতির মামলা না নিয়ে চুরি কিংবা ছিনতাই মামলা নেওয়া হয়। কখনো আবার সাধারণ ডায়েরি (জিডি) করে ভুক্তভোগীদের থানা থেকে পাঠিয়ে দেওয়া হয়। ফলে প্রতিনিয়ত মহাসড়কে ছিনতাই-ডাকাতি হলেও পুলিশের খাতায় তার সামান্যই উল্লেখ থাকে।
মহাসড়ক এলাকায় দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, অধিকাংশ ক্ষেত্রে ডাকাতি কিংবা ছিনতাইয়ের শিকার যাত্রীরা ভয়ে দ্রুত এলাকা ছাড়েন। আদালত ও থানার হয়রানির ভয়ে তাঁরা মামলা এড়িয়ে যান। বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটলে মামলা হয়।
ঢাকা-চট্রগ্রাম এলাকার প্রাইভেট কার ও মাইক্রোবাসের চালকদের হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যমে কয়েকটি ভার্চ্যুয়াল গ্রুপ আছে। কোনো চালক ডাকাতের কবলে পড়লে তাৎক্ষণিক এসব গ্রুপে জানিয়ে দেন।
ওই গ্রুপের বরাত দিয়ে মো. সফিকুল মিয়া জানান, কাঁচপুর থেকে চান্দিনা এলাকার মধ্যে গত ছয় মাসে অন্তত ১০০ ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তাঁদের কর্মসূচির পরও ১০ ফেব্রুয়ারি গভীর রাতেও দাউদকান্দি এলাকা, গজারিয়ার ভরেরচর, সোনারগাঁর মোগরাপাড়াসহ চার স্থানে ডাকাতি হয় বেশি।
গজারিয়া এলাকার মাইক্রোবাসচালক আবু কালাম বলেন, ‘মহাসড়কে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় চালকদের জীবন হুমকির মুখে পড়ছে। ডাকাত দল যাত্রীদের সর্বস্ব নিয়ে পালানোর সময় কৌশলে চালকদেরই অপরাধী বানাচ্ছে। এতে চালকেরা বিনা অপরাধে আইনি ঝামেলার শিকার হচ্ছেন। প্রতিনিয়ত ডাকাতি-ছিনতাইয়ের ঘটনায় অতিষ্ঠ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালকেরা।
আরেকজন চালক রবিউল মিয়া জানান, মানুষ ডাকাতের কবলে পড়ে সব হারালেও মামলা করতে চান না। এর মূল কারণ হচ্ছে, মানুষ মনে করে, মামলা করে শেষ পর্যন্ত কোনো মালামালই পাওয়া যায় না। উল্টো মামলার বাদী হয়ে আইনি বিভিন্ন ঝামেলায় পড়তে হয়।
এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ কামাল আকন্দ জানান, আমরা অপরাধ প্রবন এলাকায় টহল বাড়িয়ে দিয়েছি। গত পাচঁ বছরে এমন অপরাধের সাথে যুক্ত ব্যক্তিদের তালিকা তৈরি কওে, তাদের গতিবিধি নজরদারিতে রেখেছি।
এ জানতে চাইলে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, ‘আমরা মহাসড়কে ছিনতাই-ডাকাতি প্রতিরোধে কাজ করছি। এরই মধ্যে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশের সংশ্লিষ্ট থানাকে বলা হয়েছে দিনে রাতে মহাসড়কে টহল বৃদ্ধি করার জন্য। পূর্বে ডাকাতির ইতিহাস আছে এমন অপরাধীদের গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। কোন বিছিন্ন ঘটনা ঘটলে, সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের টহল বৃদ্ধিসহ সব ধরনের অপরাধ রুখতে আমাদের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।#