সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ নেতাকর্মীদের নিয়ে নিজেই এ মোনাজাত পরিচালনা করেন।
গতকাল মঙ্গলবার বিকেলে জেলার শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ মোনাজাত করেন। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকো এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করেন।
দোয়া মাহফিলে মঞ্চে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম মৃধা ও সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষায় বিএনপিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। একই সঙ্গে তিনি আসন্ন জাতীয় নির্বাচনে সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেন। দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় মুসল্লি ও মহিলাদের অংশগ্রহণ লক্ষ্য করা যায়।#