মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার মালখানগর ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামে দাঁড়িয়ে আছে এক নীরব ঐতিহ্যের সাক্ষী লাল মসজিদ। এই মসজিদটির বয়স প্রায় ২৫০ বছর বলে ধারণা করা হয়। তবে এর প্রতিষ্ঠার সঠিক সাল কেউ নিশ্চিত করে বলতে পারেননি।
লাল রঙের আকর্ষণীয় এই ছোট্ট মসজিদটি এলাকাবাসীর কাছে আবেগ, শ্রদ্ধা ও ঐতিহ্যের প্রতীক। মসজিদের গঠনশৈলীতে মোঘল আমলের কলার ছাঁচের স্থাপত্যশৈলীর ছাপ স্পষ্ট। বারান্দাবিহীন এ মসজিদের ভেতরে মাত্র পাঁচটি কাতার রয়েছে, যেখানে প্রতি কাতারে ১২ থেকে ১৫ জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন।
মসজিদটির সামনে রয়েছে একটি বড় পুকুর, আর পেছনে রয়েছে একটি পুরোনো কবরস্থান। এ যেন ধর্মীয় ভাবগম্ভীরতা ও ইতিহাসের এক অনন্য সংমিশ্রণ।
স্থানীয় বাসিন্দারা জানান, বহু বছর ধরে মসজিদটি মুসল্লিদের প্রার্থনার কেন্দ্র হয়ে রয়েছে। সময়ের বিবর্তনে এটি কিছুটা জীর্ণ হয়ে পড়লেও ২০১৯ সালে এলাকাবাসীর অর্থায়নে মসজিদটি পুনঃনির্মাণ ও আধুনিকায়ন করা হয়। এতে মসজিদটি নতুন রূপে প্রাণ ফিরে পায়।
মালখানগর ইউপির ৮নম্বর ওয়ার্ড সদস্য মো. জামান বলেন, এই লাল মসজিদটির সঠিক নির্মাণ সাল কেউ বলতে না পারলেও দীর্ঘকাল ধরে এটি এখানে রয়েছে। এলাকাবাসীর ধারণা, এর বয়স প্রায় আড়াইশ বছর। ২০১৯ সালে আমরা সকলে মিলে এর সংস্কার করি, তখন রং পরিবর্তন করে এটি আরও দৃষ্টিনন্দন করা হয়।
মসজিদটি শুধু ধর্মীয় কেন্দ্র নয়, বরং এই গ্রামের ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয়েরও অংশ হয়ে উঠেছে। প্রাচীন স্থাপত্য ও ধর্মীয় ঐতিহ্যের নিদর্শন হিসেবে মসজিদটি সংরক্ষণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।#