প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬
গজারিয়ায় জয় হত্যাকাণ্ডে ছেলে জড়িত থাকার অভিযোগ; ন্যায় বিচারের দাবি আসামির মায়ের
নিজস্ব প্রতিবেদক, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আলোচিত জয় হত্যাকাণ্ডে নিজের ছেলে জড়িত থাকার অভিযোগ তুলে সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের দাবি জানিয়েছেন মামলার এক আসামির মা। তিনি বলেন, মা হিসেবে আবেগ থাকলেও অন্যায়ের পক্ষে দাঁড়াতে পারেন না।
গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় জয় হত্যা মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি দেলোয়ার হোসেনের মা বেগম আক্তার (৬২) এ দাবি জানান।
ভিডিও বক্তব্যে বেগম আক্তার বলেন, দেলোয়ার আমার ছেলে। কিন্তু সে যদি অপরাধ করে থাকে, তার বিচার হওয়া উচিত। টাকার বিনিময়ে জয়কে বাড়ি থেকে ডেকে নিয়ে তার বন্ধুরা মিলে হত্যা করেছে এটা আমি জানতে পেরেছি। আমি চাই, জয় হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের উপযুক্ত বিচার হোক। আইনের ঊর্ধ্বে কেউ নয়। তিনি নিহত জয় ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর বুধবার রাত আনুমানিক ৮টার দিকে জয়কে তার বন্ধু স্বাধীন, পান্নু ও দেলোয়ার টিকটক ভিডিও তৈরির কথা বলে বাড়ি থেকে ডেকে নেয়। পরে তাকে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের জমিতে নিয়ে গিয়ে একই গ্রামের বেকু হাসানের নেতৃত্বে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে জয়কে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত জয়ের ছোট বোন জান্নাতুল ফেরদৌস বাদী হয়ে গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বেকু হাসানকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী জান্নাতুল ফেরদৌস অভিযোগ করে বলেন, এখনো পর্যন্ত মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা গজারিয়া থানার উপ-পরিদর্শক মেহেদী মোস্তাক জানান, এ পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে আসামির মায়ের প্রকাশ্য ভাবে ন্যায়বিচারের দাবির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে এবং জয় হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত হবে।###
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত