মকবুল হোসেন (আনু. ১৯৫০-২৪ মে ২০২০) শিল্পপতি, আইনজীবী ও বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি ঢাকা-৯ আসন থেকে জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
জন্ম ও প্রাথমিক জীবন
মকবুল হোসেন ১৯৫০ সালে বিক্রমপুর তথা মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় জন্মগ্রহন করেন। জগন্নাথ কলেজ থেকে লেখাপড়া এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭২ সালে এমএ এরপর এলএলবি ডিগ্রি অর্জন করেন।
রাজনৈতিক ও কর্মজীবন
মকবুল হোসেন ১৯৬৬ সালে তিনি ছাত্রলীগের জগন্নাথ কলেজ শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৬৮ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সমাজকল্যাণ ইন্সটিটিউট শাখা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি তিনি। ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে তিনি (তৎকালীন ঢাকা-৯ আসন) সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের অষ্টম জাতীয় নির্বাচনে তিনি পরাজিত হন। এরপর নির্বাচনে অংশগ্রহণ করেননি।
২০০৮ সালে একটি বিশেষ জজ আদালত অবৈধ সম্পদ বানানো এবং সম্পত্তির তথ্য গোপন করার অভিযোগে মকবুল হোসেনকে ১৩ বছরের কারাদন্ডে দণ্ডিত করে। তার স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তিনি শমরিতা মেডিকেল কলেজ হাসপাতাল ও সন্ধানী লাইফ ইন্সুরেন্স, পূরবী জেনারেল ইন্সুরেন্স কোম্পানি ছাড়াও এ্যমিকো ল্যাবরেটরিজ, পান্না টেক্সটাইল, মোনা ফিন্যান্সের মালিক।
পুরস্কার
শের ই বাংলা জাতীয় স্বর্ণপদক পুরস্কার, বঙ্গবন্ধু জাতীয় স্বর্ণপদক পুরস্কার, শহীদ সোরওয়ার্দী জাতীয় স্বর্ণপদক পুরস্কার বিচারপতি আবু সাদাঁত স্বর্ণপদক পুরস্কার, শহীদ বদিউজ্জামান স্বর্ণপদক পুরস্কার, আমরা সূর্যমুখী স্বর্ণপদক পুরস্কার, বাংলাদেশ উন্নয়ন সংসদ স্বর্ণপদক পুরস্কার।
ব্যক্তিগত জীবন
মকবুল হোসেন গোলাম ফাতেমা তাহেরা খানমকে বিয়ে করেন। তার ছেলে আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল-৬ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য। তার আরেক ছেলে মুজিবুল ইসলাম পান্না, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বর্তমান চেয়ারম্যান। তার একমাত্র কন্যা সায়মা সুলতানা সিটি ইউনিভার্সিটির পরিচালক হিসেবে কর্মরত।
মৃত্যু
মকবুল হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ মে ২০২০ সালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধী মৃত্যুবরণ করেন।