বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা ও অনিশ্চয়তা ছিল, তা এখন কেটে গেছে। তারেক রহমান ও ড. ইউনূসের বৈঠকের পর স্পষ্ট হয়েছে। দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে যাচ্ছে। ফ্যাসিস্টরা চলে গেছে। কিন্তু তাদের দোসররা এখনো সক্রিয়। নির্বাচন ঘিরে এখনই তাদের অস্বস্তি শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যেই আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে। সে বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। গতকাল সোমবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল এলাকার স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন অ্যান্ড কলেজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও প্রখ্যাত চিকিৎসক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে তিনি সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, অ্যাডভোকেট জসিম মোল্লা, নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, ন্যাশনাল মেডিকেল কলেজের অ্যানেসথেসিয়া বিভাগের প্রধান ডা. মোশারফ হোসেন প্রমুখ।#