মুন্সীগঞ্জের মহেশপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যাংক কর্মকর্তাকে ফাঁসাতে নিজ বসতঘরে চুরির ঘটনা ঘটিয়ে ষড়যন্ত্রমূলক হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে নাজমুল হাসান সাগর নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
জানা গেছে, মুন্সীগঞ্জের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর গ্রামে ব্যাংক কর্মকর্তা মোঃ আবুল হোসেনের সাথে একই এলাকার নাজমুল হাসান সাগরের জায়গা সম্পত্তি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে আসছে।
গত রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাতে নাজমুল হাসান সাগরের বসতঘরে চুরির ঘটনা ঘটে। চুরির এই ঘটনাকে পুঁজি করে নাজমুল হাসান সাগর বিভিন্ন মাধ্যমে ব্যাংক কর্মকর্তা মোঃ আবুল হোসেনকে ফাঁসাতে উঠে পড়ে লেগেছেন এবং ষড়যন্ত্রমূলক ও মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। এদিকে শনিবার (১৭ জানুয়ারি) ঘটনাস্থলে সরেজমিন ঘুরে দেখা গেছে, ব্যাংক কর্মকর্তা মোঃ আবুল হোসেনের দাবী সম্পত্তির সীমানার ভেতরের ৪/৫ হাত জায়গা দখল করে ইট সিমেন্টের বাড়ি নির্মাণ করেন নাজমুল হাসান সাগর। এর প্রতিবাদ করলে গত ৫/৬ মাস আগে প্রচন্ড প্রভাব দেখিয়ে ওই ব্যক্তি ব্যাংক কর্মকর্তা আবুল হোসেনকে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে দেখা গেছে, নাজমুল হাসান সাগরের বসতঘরের ভেন্টিলেটর ভাঙা, তার স্ত্রী শাহনাজ আক্তারকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ঘরে চুরি হয়েছে,কে বা কারা করেছে আমরা জানিনা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের ঘরের পেছনের ভেন্টিলেটর ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে কিন্তু আমরা কাউকে উদ্দেশ্যমূলকভাবে এই ঘটনার জন্য দোষারোপ করিনি। থানায় অভিযোগ করছি,পুলিশ তদন্ত করছেন।
একই গ্রামের মাকসুদা বেগম বলেন, আবুল হোসেন গ্রামে থাকেন না, তিনি শহরে বসবাস করেন। সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে চুরির ঘটনায় তাকে জড়ানোর চেষ্টা চলছে কিন্তু গ্রামের মানুষ এই মিথ্যা অপপ্রচার, অপবাদ মেনে নেবে না।
এদিকে জানা গেছে, আবুল হোসেন একজন ব্যাংক কর্মকর্তা। তিনি নরসিংদী জেলার মাধবদী শাখা উত্তরা ব্যাংকের সহকারী অ্যাকাউন্ট অফিসার। তিনি বেশীরভাগ সময়ই কর্মক্ষেত্রে ও মুন্সীগঞ্জ শহরের মাঠপাড়া এলাকায় বসবাস করেন।
ব্যাংক কর্মকর্তা আবুল হোসেন এ বিষয়ে দুঃখ প্রকাশ করে বলেন, নাজমুল হাসান সাগর একজন সেনাবাহিনীর কর্পোরাল। সেই প্রভাব খাটিয়ে জবরদস্তি করে আমার সম্পত্তির ভেতরের ৪/৫ হাত জায়গা দখল করে বাড়ি নির্মাণ করছেন। তার প্রতিবাদ করেছি সেজন্য তিনি আমাকে মারধর করছে এছাড়াও নিজেই তার ঘরে চুরির ঘটনা ঘটিয়ে সেই ঘটনায় আমাকে ফাঁসাতে চাইছে এবং আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
আবুল হোসেন আরও বলেন, সৈনিক বলে নাজমুল হাসান সাগর এলাকায় প্রভাব বিস্তার করেছে এবং আমাদের মতো নিরীহ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নানারকম হয়রানি করছে। আমি তার এই কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং একই সাথে প্রশাসনের পক্ষ থেকে এইসব ঘটনার প্রতি তদন্তের দাবির আবেদন করছি।
এদিকে সেনাবাহিনীর কর্পোরাল নাজমুল হাসান সাগর বলেন,আবুল হোসেনের সাথে দীর্ঘদিন যাবৎ জায়গা জমি নিয়ে বিরোধ চলছে। গত ১১ জানুয়ারি আমার বাসায় চুরি ঘটনা ঘটে জানতে পারি। আবুল হোসেনের নেতৃত্বে চুরি হয়েছে এমন বলেনি। বলেছি হতে পারে। কারণ আমাকে নানা ভাবে হয়রানি করছে। জায়গা দখল করে বাড়ি নির্মাণ করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আবুল হোসেনের তো জায়গায় নেই। আমি কেন দখল করবো? গ্রামের মানুষ দিয়ে জায়গা নির্ধারণ করে দিছে। তাই আমি বাড়ি নির্মাণ করছি।
এবিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার এসআই খালেকুজ্জামান বলেন, একটি চুরির ঘটনায় অজ্ঞাতনামা লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীর কথা শুনেছি। ভুক্তভোগীর দাবী চুরি ঘটনা ঘটেছে। কিন্তু এলাকাবাসী বলছে এটি একটি সাজানো নাটক। তার পরেও আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।