আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মুন্সীগঞ্জের
সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন
জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিব।
গতকাল শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তিনি বালুচর ইউনিয়নের
মোট ১১টি ভোটকেন্দ্রের মধ্যে ৬টি ভোটকেন্দ্র ঘুরে দেখেন। এ সময়
ভোটকেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি, পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং
আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
পরিদর্শনকালে বালুচর ইউনিয়নে এখন পর্যন্ত কোনো ধরনের নির্বাচনী
প্রচারণাসংশ্লিষ্ট ব্যানার, ফেস্টুন বা পোস্টার চোখে পড়েনি। নির্বাহী
ম্যাজিস্ট্রেট জানান, নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের বিষয়ে প্রশাসনের
পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
এ সময় তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ভোটকেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তা ও
এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি আসন্ন নির্বাচন ও গণভোটে
আচরণবিধি মেনে চলার বিষয়ে সবাইকে সচেতন করেন এবং গণভোট সম্পর্কে জনগণকে
অবহিত করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিব বলেন, শান্তিপূর্ণ, সুষ্ঠু ও
গ্রহণযোগ্যভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে
প্রশাসন বদ্ধপরিকর। কোনো ধরনের অনিয়ম বা আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটলে
তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।