প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬
সংসদ নির্বাচনের আগে উপজেলা পর্যায়ে মুন্সীগঞ্জে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছে প্রশাসন
কাজী সাব্বির আহমেদ দীপু
সংসদ নির্বাচনের আগে উপজেলা পর্যায়ে
মুন্সীগঞ্জে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছে প্রশাসন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রশিক্ষণ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে শুরু হওয়া এই প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলায় পৃথক পৃথক ভাবে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গত শনিবার শ্রীনগর উপজেলায় এবং গতকাল রোববার সিরাজদীখান উপজেলায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে জেলার অপর উপজেলায়ও প্রশিক্ষণ কর্মশালার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ২৪টি কর্মসূচিকে প্রাধান্য দিয়ে ঘোষিত ইসির নির্বাচনী রোডম্যাপেও (পথনকশা) এই সময়সীমায় প্রশিক্ষণ কার্যক্রম আয়োজনের কথা বলা হয়েছে।
গত ২৯ আগস্ট ও ৩০ আগষ্ট ৮০ জন কোর প্রশিক্ষকের প্রশিক্ষণের প্রশিক্ষণের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা কোর প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ নেন। পর্যায়ক্রমে প্রায় সাড়ে ৩ হাজার কোর প্রশিক্ষক তৈরি করা হবে। যারা ভোটের আগে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবেন। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) তত্ত্বাবধানে প্রশিক্ষণ কার্যক্রম চালানো হচ্ছে বলে জানা গেছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্র বলছে, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনী বিধিমালাসহ ২৩টি বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নিয়ে নির্বাচন সংক্রান্ত মূল প্রশিক্ষণ হচ্ছে। বিভিন্ন গ্রুপে বিভক্ত করে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের এক কর্মকর্তা জানান, এবারের নির্বাচনের চ্যালেঞ্জটা একটু ভিন্ন। বিগত তিনটি নির্বাচনের কথা মাথায় রেখে এবার যতটুকু পারা যায় স্বচ্ছ লোক দিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনার চেষ্টা করা হয়েছে। যাতে একটি সুন্দর, গ্রহণযোগ্য নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেয়া যায়।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচন একটি বিশাল কর্মযজ্ঞ। এই কর্মযজ্ঞে যারা জড়িত তারা সঠিক ট্রেনিংপ্রাপ্ত না হয় তাহলে নির্বাচনে সমস্যা হতে পারে। আইন ও বিধি অনুযায়ী করবে এবং সততা ও নিরপেক্ষভাবে কাজ করবে। এটা যাতে নিশ্চিত করা যায়, সে জন্যই ভোটগ্রহণকারীদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত