অধ্যাপক সুধাংশুকুমার বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর নতুন দিল্লির ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের প্রধান কার্যালয়ে তার আলোকচিত্র রাখা হয় এবং পশ্চিমবঙ্গের আলিপুরের আঞ্চলিক আবহাওয়া দফতরের সম্মেলন কক্ষ অধ্যাপক সুধাংশুকুমার বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত করা হয়।
জন্ম ও শিক্ষা জীবন
সুধাংশুকুমার বন্দ্যোপাধ্যায়ের জন্ম বিক্রমপুর তথা মুন্সীগঞ্জের মালপাদিয়া গ্রামে। পিতা হরিহর বন্দ্যোপাধ্যায় ছিলেন বিহারের সাঁওতাল পরগনায় সেটলমেন্ট বিভাগের কর্মচারী, মাতা নীরদাসুন্দরী। বাংলার স্বনামধন্য কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের অগ্রজ ছিলেন তিনি। সুধাংশুকুমারের বিদ্যালয়ের পাঠ শুরু হয় দুমকা জেলা স্কুলে। ১৯০৮ খ্রিস্টাব্দে এন্ট্রান্স পরীক্ষায় প্রথম হন। ঢাকা কলেজ থেকে আইএসসি পাশ করেন ও বৃত্তি লাভ করেন। তারপর কলকাতায় এসে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। ১৯১২ খ্রিস্টাব্দে ফলিত গণিতে দ্বিতীয় হয়ে স্নাতক হন। ১৯১৪ খ্রিস্টাব্দের কলকাতা বিশ্ববিদ্যালয় হতে গণিতে ভালো ফল করে এমএসসি পরীক্ষা পাশ করেন। বিশ্ববিদ্যালয়ের রাসবিহারী ঘোষ বৃত্তি ও প্রেমচাঁদ-রায়চাঁদ বৃত্তি লাভ করেন। ১৯১৫ খ্রিস্টাব্দে ত্রিপুরার দেওয়ান বঙ্গচন্দ্র ভট্টাচার্যের কন্যা অমিয়বালার সঙ্গে বিবাহ হয়।
কর্মজীবন
স্নাতকোত্তর পাশের পর তিনি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কলেজে গণিতের সহকারী অধ্যাপক হিসাবে কর্মজীবন শুরু করেন। পাশাপাশি গবেষণার কাজে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্সে যুক্ত হন। সাম প্রবলেমস্ ইন ডিফ্রাকশন, ওয়েব মোশন অ্যান্ড ভাইব্রেশন শীর্ষক গবেষণাপত্রের জন্য ১৯১৮ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিএসসি ডিগ্রি এবং ডা মহেন্দ্রলাল সরকার স্বর্ণপদক লাভ করেন। সেই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক এবং ক্যালকাটা ম্যাথামেটিক্যাল সোসাইটির সম্পাদক নিযুক্ত হন।
এরপর ১৯২২ খ্রিস্টাব্দে বোম্বাই (অধুনা মুম্বাই-এর) কোলাবাস্থিত মানমন্দিরের ডাইরেক্টর নিযুক্ত হন এবং দশ বৎসর পর ১৯৩২ খ্রিস্টাব্দে ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের কেন্দ্রীয় কার্যালয় পুনেতে স্থানান্তরিত হন। ১৯৪৪ খ্রিস্টাব্দে তিনি ভারতের সমস্ত মানমন্দিরগুলির মহাসচিবের পদ লাভ করেন। ১৯৫০ খ্রিস্টাব্দে অবসর গ্রহণের আগে জানুয়ারি মাসে তার নেতৃত্বে ভারতীয় আবহাওয়ার বিভাগ, ইন্ডিয়ান জার্নাল অফ মেটিওরোলজি অ্যান্ড জিওফিজিক্স (অধুনা মৌসম) নামের ত্রৈমাসিক গবেষণা জার্নালের প্রথম সংখ্যা প্রকাশ করেন, যা প্রতিষ্ঠার পর থেকে নিয়মিত প্রকাশ হয়। প্রথম সংখ্যায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর শুভেচ্ছা বার্তা সহ ডক্টর বন্দ্যোপাধ্যায়ের ভারতে মৌসুমি ও শীতকালীন বৃষ্টিপাতের পূর্বাভাস সম্বন্ধিত নিবন্ধ মেথডস অফ ফোরশ্যাডোইং মনসুন অ্যান্ড উইন্টার রেইনফল ইন ইন্ডিয়া শীর্ষক নিবন্ধ প্রকাশিত হয়। ১৯৫০ খ্রিস্টাব্দে অবসর গ্রহণের পর সুধাংশুকুমার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রধান হিসাবে অধ্যাপনা করেন। এখানে অধ্যাপনাকালে কৃত্রিম বৃষ্টিপাত সম্বন্ধে গবেষণা করে বারিপাত ঘটাতে সক্ষম হন। কৃষিভিত্তিক দেশে খরার কবল প্রশমিত করতে তার প্রয়াস প্রশংসিত হয়। তিনি বহু সম্মান, পদক লাভ করেন। দেশবিদেশে নানা সংস্থায় ও সম্মেলনে বিশিষ্ট স্থান অর্জন করেন। তার জ্ঞানগর্ভ বহু রচনা দেশের পত্রিকায় প্রকাশিত হয়েছে।
কৃত্রিম বারিপাত
১৯৫০ এর গোড়ার দিকে ড.সুধাংশুকুমার বন্দ্যোপাধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের যান। সেপ্টেম্বর সময়ে সেখানেই ক্লাউড সিডিং তথা 'মেঘ বীজ বপন' এর এক নতুন ধারণা প্রাথমিক পর্যায়েই ছিল। তবে তিনি তার সফরের সময় তাদের প্রাথমিক পরীক্ষাগুলি নিবিড় ভাবে পর্যেবক্ষণ করেন। তিনি প্রক্রিয়াটিকে ভারতে সাশ্রয়ী করা সম্ভব বলে মনে করেন। দেশে ফিরে যাদবপুরের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজের পরীক্ষাগারে নিয়ন্ত্রিত পরিস্থিতিতে বৃষ্টিপাতের অনুকরণের জন্য লম্বা কাঁচের মেঘের চেম্বার তৈরি করেন এবং দীর্ঘ দুই বৎসর নানা পরীক্ষা ও পর্যেবক্ষণ চালান। বাইরের পরিমণ্ডলে যখন পরীক্ষা করতে স্থির করেন, তখন তার বিমানে যাওয়ার সুযোগ ছিল না। হাইড্রোজেন বেলুন এবং সিলভার আয়োডাইড ব্যবহার করে কলকাতার যাদবপুরে মেঘ বীজ পরীক্ষা সফলভাবে পরিচালনা করেন। প্রক্রিয়ায় সিলভার আয়োডাইড বাষ্প, শুকনো বরফ এবং বীজ বপনের উপাদান মেঘে ছড়িয়ে দেওয়ার জন্য বারুদের একটি নিয়ন্ত্রিত চার্জ নির্গত হত। ১৯৫২ খ্রিস্টাব্দে তার প্রায় প্রতিটি পরীক্ষাই সফল হয়। তার সফল পরীক্ষাগুলি পরে বোস ইনস্টিটিউটে আচার্য জগদীশ চন্দ্র বসু স্মারক বক্তৃতায় উপস্থাপিত হয় এবং ১৯৫৫ খ্রিস্টাব্দে অধ্যাপক বন্দ্যোপাধ্যায়ের পরীক্ষার ফলাফল বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ (ঈঝওজ) এর এক প্রকাশনায় কৃত্রিম বৃষ্টিপাত নামে গবেষণাপত্রে প্রকাশিত হয়।
জীবনাবসান
অধ্যাপক ড.সুধাংশুকুমার বন্দ্যোপাধ্যায় ১৯৬৬ খ্রিস্টাব্দের ১০ আগস্ট কলকাতায় প্রয়াত হন। তার পৌত্র রঞ্জন বন্দ্যোপাধ্যায় কানপুরের ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠানের প্রাক্তনী এবং প্রকৌশল পরামর্শদাতা।
অধ্যাপক সুধাংশুকুমার বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর নতুন দিল্লির ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের প্রধান কার্যালয়ে তার আলোকচিত্র রাখা হয় এবং পশ্চিমবঙ্গের আলিপুরের আঞ্চলিক আবহাওয়া দফতরের সম্মেলন কক্ষ অধ্যাপক সুধাংশুকুমার বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত করা হয়। সূত্র- উইকিপিডিয়া