আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-৩ আসন (সদর-গজারিয়া) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী কামরুজ্জামান রতনের সমর্থনে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়। জনসভায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর পাশাপাশি সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। জনগণ যদি আমাদের ওপর আস্থা রাখে, তাহলে আমরা তাদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবো।
জাসাস মুন্সীগঞ্জ জেলা শাখার আহ্বায়ক হাসান জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং সদস্য সচিব আশরাফ উদ্দিন খান আশু’র সঞ্চালনায় জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ মো. বিল্লাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তাঁরা।
জনসভায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো জনসভা এলাকা।