মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর কেওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে শিশু বরণ উৎসব ও শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মোমিন মিঞা।
উৎসবে শীতকালীন গ্রামীণ ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠা প্রদর্শন করা হয়। যা শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। অভিভাবকবৃন্দ, এলাকার প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় লোকজন অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার সার্বিক খোঁজখবর নেন এবং শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে অভিভাবকদের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এমন অনুষ্ঠান শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিরা মত প্রকাশ করেন।#