প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬
ধরাছোঁয়ার বাইরে নৌ ডাকাত মোবারক; এলাকা জুড়ে আতঙ্ক
নিজস্ব প্রতিবেদক, গজারিয়াঃ
মুন্সীগঞ্জের গজারিয়ার নতুন চর চাষী গ্রামের কুখ্যাত নৌ ডাকাত মোবারক প্রকাশ্যে একজনকে গুলি বর্ষণ ও একাধিক ব্যক্তিকে বুকে পিস্তল ঠেকিয়ে হুমকি দেওয়ার পরেও গ্রেপ্তার না হওয়ায় চরম উৎকণ্ঠায় দিন কাটছে স্থানীয়দের। সেনাবাহিনীর অভিযানে তার বাড়ি থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার হলেও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে স্থানীয়রা।
অভিযুক্ত মোবারক সরকার (৪০) গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চর চাষী গ্রামের মৃত মুনাফ সরকারের ছেলে বলে জানা যায়।
খবর নিয়ে জানা যায়, গত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে বেপরোয়া হয়ে ওঠে মোবারক। নৌ ডাকাত নয়ন-পিয়াস গ্রুপের সক্রিয় সদস্য সে। গত দেড় বছরে একজন ট্রলার চালককে গুলি ও একাধিক ব্যক্তিকে অস্ত্র প্রদর্শন করে ভয়-ভীতি দেখানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আতঙ্ক তৈরি করতে বিভিন্ন সময় ফাঁকা গুলি বর্ষণ করতো সে । এদিকে স্থানীয়দের মাধ্যমে তথ্য পেয়ে গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে বারোটার দিকে তার বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় তাকে সেখানে পাওয়ার না গেলেও উদ্ধার হয় দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান।
মোবারক কর্তৃক নির্যাতনের শিকার ট্রলার চালক মহসিন বলেন, ' আমি একজন নিরীহ ট্রলার চালক। নৌ ডাকাত মোবারক আমাকে জানায় ট্রলার চালাতে হলে তাকে নিয়মিত চাঁদা দিতে হবে। আমি তার প্রস্তাবে সাড়া না দিলে ২০২৫ সালের জানুয়ারি মাসে আমার ওপর গুলি বর্ষণ করে সে। তার অত্যাচারে নিরীহ গ্রামবাসী অতিষ্ঠ। যত দ্রুত সম্ভব তাকে আইনের আওতায় আনা দরকার।'
স্থানীয় বাসিন্দা আলী হোসেন বলেন, ' অস্ত্রবাজ মোবারক এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। একসময় সে আওয়ামী লীগের রাজনীতি করলেও এখন নিজেকে বিএনপি কর্মী বলে জাহির করছে।
তার কাছে একাধিক পিস্তল রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন মানুষের দিকে অস্ত্র তাক করে হুমকি দেয় সে। এলাকার সামগ্রিক আইনশৃঙ্খলার রক্ষায় তাকে দ্রুত গ্রেপ্তার করে তার কাছে থাকা অস্ত্রগুলো উদ্ধার করা প্রয়োজন।'
গজারিয়া সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গজারিয়া আর্মি ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত পৌনে বারোটার দিকে পুরাতন চর চাষী এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন সন্ত্রাসী মোবারক সরকারের বাসায় তল্লাশি চালিয়ে ১টি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। মোবারক সরকার ওই এলাকার কুখ্যাত নৌ-ডাকাত নয়ন-পিয়াস গ্রুপের সদস্য।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান আলী বলেন, ' এ বিষয়ে আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অবৈধ অস্ত্রবাজদের আটকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।'
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত