প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬
জয় হত্যা মামলায় ৫ আসামি কারাগারে
নিজস্ব প্রতিবেদক, গজারিয়াঃ
মুন্সীগঞ্জের গজারিয়ার আলোচিত জয় সরকার হত্যা মামলায় ৫ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আসামিরা হলোঃ আবু সুফিয়ান সৌরভ, দেলোয়ার হোসেন, সুমন, নাসির উদ্দিন, সাইদুর রহমান জয়।
মুন্সীগঞ্জ আদালতের কোর্ট পরিদর্শক সূত্রে জানা যায়, উল্লেখিত আসামিরা বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে মুন্সীগঞ্জ আমলী আদালত ৫-এ আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। এদিন বাদী পক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানির পর বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জিনিয়া আক্তার আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার বাদী নিহত জয় সরকারের বোন জান্নাত আক্তার বলেন, ' এই মামলায় লালু ,সৈকত, শিশিরসহ কয়েকজন আসামি ইতোপূর্বে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে। আজ আরো পাঁচজন আসামির জামিন নামঞ্জুর হলো তবে এখনো পর্যন্ত প্রধান অভিযুক্ত বেকু হাসানসহ কয়েকজন আইনের আওতায় আসেনি। আমি দ্রুত তাদের গ্রেপ্তারের দাবি জানাই।'
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান আলী বলেন, ' এ মামলায় বেশ কয়েকজন আসামি আটক হয়েছে। বাকি আসামিদের আটকে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।'
প্রসঙ্গতঃ গত বছরের ২৬ নভেম্বর সন্ধ্যায় বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত হয় জয় সরকার (২৫) নামে এক তরুণ। নিহত জয় গজারিয়া চৌদ্দকাউনিয়া গ্রামের জামালের সরকারের ছেলে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত