আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় বিএনপির প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ গণসংযোগ ও নির্বাচনী পথসভা করেছেন।
গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদীখান বাজারের বালুর মাঠে পথসভা অনুষ্ঠিত হয়। এর আগে তিনি রশুনিয়া, চোরমর্দ্দন, দানিয়াপাড়া, পূর্ব ও পশ্চিম রশুনিয়াসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ ও সংক্ষিপ্ত পথসভায় অংশ নেন।
পথসভায় বিএনপি প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ বলেন, গত ১৭ বছর ধরে দেশবাসী ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত ছিল। ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে মানুষের মৌলিক অধিকার,ভোটাধিকার আবার ফিরে আসার সুযোগ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, ধানের শীষ প্রতীক কেবল একটি প্রতীক নয়, এটি জনগণের আশা-আকাঙ্ক্ষা ও অধিকার পুনরুদ্ধারের প্রতীক। আপনারা আমাকে নির্বাচিত করলে সিরাজদীখানের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করব।
বিএনপি প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ বলেন, নির্বাচিত হলে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং এলাকার সামগ্রিক উন্নয়নে তিনি আন্তরিকভাবে কাজ করবো। এ সময় তিনি সকল ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
পথসভা ও গণসংযোগে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী, সহ-সভাপতি মো. মোতাহার হোসেন, উপদেষ্টা কাজী মোস্তাক আহমেদ শ্যামল, যুগ্ম সম্পাদক আতাউর রহমান হাওলাদার, সাবেক যুগ্ম সম্পাদক শহ আলম, রশুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খিজির চৌধুরী, জেলা যুবদলের সদস্য দেলোয়ার হোসেন দুলাল, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য আমজাদ হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাৎ শিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পথসভায় বক্তারা ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং বিএনপি প্রার্থী শেখ মো. আব্দুল্লাহর নির্বাচনী ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরেন।