আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদীখানে জামায়াতে ইসলামীর নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা গ্রামের সুখের ঠিকানা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম ফখরুদ্দিন রাজী।
মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর মহিলা শাখার প্রধান বিউটি বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর আ জ ম রুহুল কুদ্দুস, সিরাজদীখান উপজেলা মহিলা শাখার সেক্রেটারি আকলিমা রহমান এবং শ্রীনগর উপজেলা মহিলা শাখার সেক্রেটারি সাবিনা আক্তার মুক্তা।
প্রধান অতিথির বক্তব্যে এ কে এম ফখরুদ্দিন রাজী বলেন, মুন্সীগঞ্জ-১ আসনের সব ধরনের বৈষম্য দূর করে অবহেলার গ্লানি থেকে মুক্ত করতেই আমি সংসদ সদস্য হতে চাই। অতীতে এ এলাকার মানুষের যে আশা-আকাঙ্ক্ষা ছিল, নির্বাচিত হলে তা বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চলকে একটি মডেল ও আন্তর্জাতিক মানের অঞ্চলে রূপান্তর করব।
তিনি আরও বলেন, নারী সমাজকে আঘাত দিয়ে, ভয় দেখিয়ে বা দমন করে রাজপথ থেকে সরানো যাবে না। ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নারীদের ভূমিকা অপরিহার্য।
নারী বক্তারা বলেন, বর্তমান সমাজব্যবস্থায় নারী সমাজ নানামুখী অবক্ষয় ও বৈষম্যের শিকার। নারীদের অধিকার ও নিরাপত্তা রাজনৈতিক বাস্তবতায় চরমভাবে উপেক্ষিত হচ্ছে। বিএনপির কর্মীরা পরাজয়ের ভয়ে নারীদের উপর আঘাত করছে। আমরা বলতে চাই, নারীকে আঘাত দিয়ে রাজপথ থেকে সরানো যাবে না। ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার আলোকে একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সমাবেশ শেষে দেশ, জাতি ও নির্যাতিত মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে সুখের ঠিকানা মাঠের সামনে থেকে একটি গণসংযোগ ও মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেয়াইন ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়।