প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬
মুন্সীগঞ্জ-৩ আসনে বহিষ্কারেও দমছে না বিদ্রোহ, ছড়াচ্ছে উত্তাপ
কাজী সাব্বির আহমেদ দীপু
মুন্সীগঞ্জ-৩ (সদর ও গজারিয়া উপজেলা) আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া জেলা বিএনপির বহিষ্কৃত সদস্য সচিব মো.মহিউদ্দিনের দলীয় সমর্থন ঠেকানো যাচ্ছে না। গত ২২ জানুয়ারি প্রথম বহিষ্কার করার মধ্য দিশে শুরু হয় দলের বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে শাস্তিমূলক পদক্ষেপ শুরু হয়। এরপর থেকে একের পর এক বিএনপির নেতাকর্মীদের বহিষ্কার করা হয়। সর্বশেষ গতকাল শুক্রবার বহিষ্কার করা হয়েছে সদরের বাংলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুকে। এ নিয়ে ১৬ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে বহিষ্কার করা হলো। তবে এতেও দমেননি অন্য নেতারা। তারা মহিউদ্দিনের ফুটবল প্রতীকের প্রচারণা সক্রিয় আছেন। একই সঙ্গে বহিষ্কারের সিদ্ধান্ত অগণতান্ত্রিক পন্থা দাবী করে নির্বাচনী এলাকার মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলার বিএনপি অঙ্গ সংগঠনের ১২২ নেতাকর্মী বিএনপির সকল পদ থেকে গণপদত্যাগ করেছেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য দ্বিতীয় দফায় মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন দেওয়া হয় বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতনকে। এতে ক্ষুব্ধ দলীয় নেতাকর্মীদের উৎসাহেই মূলত মো. মহিউদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামেন। বিদ্রোহী হয়ে ফুটবল মার্কা নিয়ে তিনি মাঠও বেশ জমিয়ে ফেলেছেন। যেখানেই যাচ্ছেন ভোটারের উপস্থিতি ধারণা চেয়ে বেশী লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে নির্বাচন ঘনিয়ে আসায় জনসভা ও উঠান বৈঠকে বিএনপি প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর কথা যুদ্ধের পাশাপাশি নির্বাচনী এলাকার দুই উপজেলায় ধানের শীষ প্রতীক ও ফুটবল প্রতীকের কর্মী সমর্থকদের মধ্যে উত্তাপ ছড়িয়ে পড়েছে।
গত ৩ ফেব্রুয়ারী গজারিয়ায় ধানের শীষের প্রার্থী ও স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থীর কর্মী-সমর্থকরা একে অপরকে দোষারোপ করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে।
সংবাদ সম্মেলনে এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় বাধা, হামলা এবং ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে। উভয় পক্ষই সংবাদ সম্মেলনে এলাকায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিনের (ফুটবল প্রতীক) অনুসারীরা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সাবেক সদস্য মুহা. মুজিবুর রহমান। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর থেকেই গজারিয়ার বিভিন্ন এলাকায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের পরিকল্পিতভাবে বাধা দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা ও আইন উপেক্ষা করে হামলা ও মারধরের ঘটনা ঘটছে। এছাড়া বিভিন্ন স্থানে ফুটবল প্রতীকের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। প্রতিপক্ষ মুখে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বললেও পরাজয় নিশ্চিত জেনে তারা বেপরোয়া হয়ে উঠেছে বলে দাবি করেন মুজিবুর রহমান।
অন্যদিকে পাল্টা সংবাদ সম্মেলন করেন ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মো. কামরুজ্জামান রতনের সমর্থকরা। এতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুহাম্মদ মাসুদ ফারুক লিখিত বক্তব্য পাঠ করেন।
মাসুদ ফারুক বলেন, “প্রমাণ ছাড়া মিথ্যা অপবাদ দেওয়া অনুচিত। তারা নিজেদের ব্যানার-ফেস্টুন নিজেরা ছিঁড়ে বিএনপির ওপর দায় চাপানোর অপচেষ্টা চালাচ্ছেন।
তিনি আরও দাবি করেন, একাধিক স্থানে ধানের শীষের ব্যানারও ছিঁড়ে ফেলা হয়েছে। মুন্সীগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত জেনে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।
খোঁজ নিয়ে জানা গেছে, গজারিয়া উপজেলার মতো মুন্সীগঞ্জ সদর উপজেলা বিভিন্ন এলাকায়ও উত্তাপ ছড়িয়ে পড়ছে। উভয়পক্ষ মুখে মুখে এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে অভিযোগ করছে। এছাড়া চরাঞ্চলের ৫টি ইউনিয়নসহ শহরাঞ্চলের বিভিন্ন এলাকায় বিএনপি ও বিদ্রোহী এই প্রার্থীর কর্মী সমর্থকরা নির্বাচনকে সামনে রেখে যে কোনো সময় দুই পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যেতে পারে এমন শঙ্কাা থাকায় উভয়পক্ষের কর্মী সমর্থকরা গোপনে আগ্নেয়াস্ত্র ও ককটেল বোমা মজুদ করছে বলে জানা গেছে।
তবে নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী তৎপর হয়ে উঠছে। তারা গোয়েন্দা সূত্রে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে গজারিয়ায় কিশোর গ্যাংয়ের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমানের দেশীয় অস্ত্র ও বোমা উদ্ধার করেছে। সন্ত্রাসী যেই দলেরই হোক তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম। জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সকল সংস্থা তৎপর রয়েছে। নির্বাচনকে সামনে রেখে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তাদের গ্রেপ্তারসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত