প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬
কাজী সাব্বির আহমেদ দীপু
৫ দিন পর নির্বাচন, মোল্লাকান্দিতে প্রকাশ্যে অস্ত্রের ব্যবহার কিসের ইঙ্গিত
ভোটের একক নিয়ন্ত্রণ নিতে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ
বিতাড়িত করতে ধানের শীষের সমর্থকদের হামলা
বুঝতে পেরে পাল্টা হামলা ফুটবল সমর্থকদের
কাজী সাব্বির আহমেদ দীপু
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাকী আর মাত্র ৫ দিন। এই নির্বাচনে ইউনিয়নবাসীর ভোট নিজেদের নিয়ন্ত্রণে নিতে একক আধিপত্য বিস্তার করতে আবারও সন্ত্রাসের জনপদ খ্যাত মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়ন আবারও উত্তপ্ত হয়ে উঠল। এরই অংশ হিসেবে গতকাল শনিবার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে বিএনপির হেভিওয়েট বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) সদ্য বহিস্কৃত জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনের ফুটবল প্রতীকের প্রচারণায় বাঁধা দেয় বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতন সমর্থকরা। এর জের ধরে বিদ্রোহী প্রার্থী ও বিএনপি প্রার্থীর সমর্থক দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা ও সংঘর্ষে গুলি বিনিময় ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ লিজনকে (৩০) আশঙ্কাজনক অবস্থায়
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। অপর গুলিবিদ্ধ মনির সরকারকে (৬৫) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বাকী গুলিবিদ্ধসহ আহতদের পুলিশের গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে স্থানীয় একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
অন্যদিকে সন্ত্রাসের জনপদ মোল্লাকান্দি ইউনিয়নে দুই প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষ ও গোলাগুলির খবর পেয়ে দুপুরের পর থেকে সেখানে নির্বাহি ম্যাজিষ্টেটের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের। যৌথ বাহিনী মুন্সীকান্দি, বেহেরকান্দি গ্রামসহ আশপাশ এলাকায় অভিযান চালালেও রাত ১১টা পর্যন্ত কাউকেই আটক করতে পারেনি। তবে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন নির্বাহি ম্যাজিষ্ট্রট ও সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মাসুদুর রহমান।
স্থানীয় গ্রামবাসী, বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীরা বলেছেন, দুই পক্ষের মধ্যে একপক্ষকে ইউনিয়ন থেকে বিতাড়িত করে অপরপক্ষ নিয়ন্ত্রণ নেয় পুরো ইউনিয়ন। একক আধিপত্য বিস্তার হলে যেই পক্ষর ইউনিয়নের দখল নিয়ন্ত্রণে রাখতে পারে, নিরীহ ভোটররা তাদের কথামতো ভোট দিতে বাধ্য হয়। দীর্ঘ বছর ধরে মোল্লাকান্দি ইউনিয়নে এই রেওয়াজ চলে আসছে। তারা বলেছেন, এরই ধারাবাহিকতায় শনিবার বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের সমর্থকরা প্রচারনায় গিয়ে মুন্সীকান্দি গ্রামের বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতন সমর্থকদের বাঁধার মুখে পড়ে। আর এর জের ধরেই দুই পক্ষে সংঘর্ষ বেঁধে যায়।
স্থানীয় গ্রামবাসী জানায়, কয়েক মাস ধরে শান্ত থাকা মোল্লাকান্দি ইউনিয়ন অশান্ত হয়ে উঠল নির্বাচনের ৫ দিন আগে। মূলত ধানের শীষ প্রতীকের সমর্থক বিএনপি নেতা উজির আলী ও আওলাদ হোসেন মোল্লার লোকজন ইউনিয়ন নিজেদের দখলে নেওয়ার চেষ্টার অংশ হিসেবেই স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের বাঁধা দেয়। কেননা, প্রতিপক্ষকে বিতাড়িত করতে পারলে ধানের শীষের পক্ষে পুরো ইউনিয়ন নিয়ন্ত্রণে চলে যাবে। গ্রামবাসী আরও জানায়, এ বিষয়টি বুঝতে পেরে তারাও মরিয়া হয়ে ওঠে বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের সমর্থকরাও। ফলে দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে যায় দু'পক্ষ।
জানা গেছে, শনিবার বেলা ১২ টার দিকে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন ও বিএনপি প্রার্থী মো. কামরুজ্জামান রতনের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক মোল্লাকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জিয়াউর রহমান জানান, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা প্রথমে নোয়াদ্দা গ্রামে প্রচারনা চালান। সেখান থেকে মুন্সীকান্দি গ্রামে ভোট চাইতে গেলে ধানের শীষ প্রতীকের সমর্থক সদর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক উজির আলী ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ মোল্লার লোকজন হামলা চালায়।
পক্ষান্তরে বিএনপি প্রার্থীর ধানের শীষ প্রতীকের সমর্থক মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক উজির আলী বলেন, আমি ঢাকায় থাকি। মুন্সীকান্দি গ্রামে স্বতন্ত্র প্রার্থীর লোকজন আমার ভাইকে মারধর করলে মারামারি বাঁধে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আতাউর করিম বলেন, ককটেলে আহত লিজন নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। জালাল নামে অপর আরকেজনকে গুলিবিদ্ধ অবস্থায় এ হাসপাতালে ভর্তি করা হয়।
সদর থানার ইন্সপেক্টর তদন্ত সজিব দে বলেন, সেখানে দুই প্রার্থীর লোকজনের মধ্যে মারামারি হয়েছে। মূলত: পূর্বের আধিপত্য নিয়ে বিরোধের জের ধরে নির্বাচনের সামনে দুই প্রার্থীর পক্ষে ওই দু’টি পক্ষ সংঘর্ষে জড়ায়। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম বলেন, ভিডিও ফুটেজে আগ্নেয়াস্ত্র ব্যবহারের দৃশ্য দেখেছি। সেগুলো দুর থেকে বিদেশী না দেশীয় আগ্নেয়াস্ত্র তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ধরন দেখা মনে হচ্ছে, এগুলো দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র বলেই মনে হচ্ছে। তিনি বলেন, মাথায় হেলমেট পড়ে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা ব্যক্তিদের সনাক্ত করা কষ্টকর হয়ে পড়বে। তবে সোর্সের মাধ্যমে নাম-পরিচয় সনাক্ত করার কাজ চলছে।