আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মমিন আলী গণসংযোগ ও নির্বাচনী পথসভা করেছেন।
গতকাল সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বাসাইল ইউনিয়নের বিভিন্ন গ্রামে তিনি এ গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফুটবল প্রতীকে ভোট চেয়ে তাদের সমর্থন কামনা করেন।
গণসংযোগ ও পথসভায় মো. মমিন আলী বলেন, সিরাজদীখান দীর্ঘদিন ধরে অবহেলা ও বৈষম্যের শিকার। সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্যই আমি নির্বাচনে অংশ নিয়েছি। আমি কোনো গোষ্ঠী বা ব্যক্তির স্বার্থে নয়, খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও তরুণ সমাজের কথা বলতেই মাঠে নেমেছি।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে সিরাজদীখানে সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। প্রত্যন্ত এলাকার মানুষ যেন সহজেই চিকিৎসা সেবা পায়, সে জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বেকার যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
মো. মমিন আলী বলেন, আমি রাজনীতিতে এসেছি ক্ষমতার জন্য নয়, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা হবে।
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আপনাদের একটি ভোটই পারে সিরাজদীখানের ভবিষ্যৎ পরিবর্তন করতে। ফুটবল প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আপনাদের আস্থার মর্যাদা রাখব ইনশাআল্লাহ।
গণসংযোগ ও পথসভায় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।