প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬
মুন্সীগঞ্জ-১ আসনে মানবিক দৃষ্টান্ত পরাজিত প্রার্থীর বাসায় মিষ্টি নিয়ে গেলেন নির্বাচিত এমপি আব্দুল্লাহ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে নির্বাচিত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রাজনৈতিক সৌজন্য ও সহমর্মিতার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। নির্বাচনে জয়লাভের পর তিনি পরাজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় মিষ্টি নিয়ে হাজির হয়ে কুশল বিনিময় করেন। শুক্রবার রাত ৯টার দিকে তিনি একই আসনের জামায়াত মনোনীত প্রার্থী এ কে এম ফখরুদ্দীন রাজির বাসভবনে যান। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন তিনি। ব্যক্তিগত অফিসে বসে উভয় নেতা দীর্ঘ সময় সংসদীয় এলাকার উন্নয়ন, সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও পারিবারিক খোঁজখবর নিয়ে আলোচনা করেন।
এসময় নির্বাচিত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ নিজের সংসদীয় আসনকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। আলোচনার এক পর্যায়ে উভয় নেতা মিলেমিশে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সম্মিলিতভাবে দোয়া করেন। পরে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাক্ষাৎ শেষ হয়।
এ ঘটনাকে ঘিরে জেলাজুড়ে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। সচেতন নাগরিক মহল বলছে, রাজনৈতিক মতভেদ থাকলেও এমন সৌজন্য ও মানবিকতা গণতন্ত্রের জন্য শুভ সংকেত। তারা মনে করছেন, দেশের প্রতিটি সংসদীয় আসনে রাজনৈতিক নেতাদের মধ্যে এমন সহমর্মিতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠলে জাতীয় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত