প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬
গজারিয়ায় মহাসড়কের পাশে ময়লার আগুনে পুড়ছে সারি সারি গাছ.
জুয়েল দেওয়ান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এর পাশে দু’পাশে সারি সারি গাছ দৃষ্টিনন্দন এই দৃশ্য যে কারও মন জুড়ায়।
কিন্তু মুন্সীগঞ্জের গজারিয়া অংশে এসব বৃক্ষের ওপর চলছে নির্মম নির্যাতন। ভ্যানে করে গৃহস্থালি বর্জ্য এনে ফেলা হচ্ছে গাছের গোড়ায়, পরে সেই ময়লায় দেওয়া হচ্ছে আগুন। এতে দাউ দাউ করে পুড়ে যাচ্ছে পরিবেশ বান্ধব ও মূল্যবান গাছগুলো।
মহাসড়কের বাউশিয়া পাখির মোড় থেকে জামালদি বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকায়-ভবেরচর, সাতকাহনিয়া, আনারপুরা, ভাটেরচর, বালুয়াকান্দি ও তেতৈতলা এলাকায় গড়ে উঠেছে অসংখ্য ময়লার স্তুপ। এসব বর্জ্য কোথাও অপসারণ না করে সরাসরি আগুনে পোড়ানো হচ্ছে। দীর্ঘদিন ধরে এমন কর্মকাণ্ড চলতে থাকায় অনেক গাছ ইতোমধ্যে পুড়ে কয়লার মতো হয়ে গেছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের পাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে চিপসের প্যাকেট, কাগজ, কলার খোসা, কোমল পানীয়ের বোতলসহ বিভিন্ন ধরনের বর্জ্য। কোথাও কোথাও গাছের গোড়ায় ফেলা ময়লায় আগুন জ্বলতে দেখা গেছে। সড়কের পাশের বহু গাছের ডালে আর পাতা নেই; অনেক গাছ শুকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে।
ময়লা ফেলার সময় কথা হয় পরিচ্ছন্নতা কর্মী জামাল ও হৃদয়ের সঙ্গে। তারা জানান, প্রায় এক বছর ধরে স্থানীয় উদ্যোগে বাসাবাড়ি ও হোটেল রেস্টুরেন্ট থেকে গৃহস্থালি বর্জ্য সংগ্রহ করে ভ্যানে করে এনে মহাসড়কের পাশেই ফেলা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা নাসির উদ্দীন বলেন, বছরের পর বছর এলাকার সব হোটেল রেস্টুরেন্ট ও গৃহস্থালি বর্জ্য এখানে ফেলা হয় এবং পরে আগুন দিয়ে পোড়ানো হয়। এতে ইতোমধ্যে বেশ কয়েকটি মহামূল্যবান গাছ মারা গেছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।########
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত