মালয়েশিয়ায় দুই বন্ধুর হাতে খুন হওয়া প্রবাসী মোহাম্মদ আলম শেখের (৫০) মরদেহ গত শুক্রবার মুন্সীগঞ্জের লৌহজচং উপজেলার গ্রামের বাড়িতে আনা হয়েছে। ১৩ দিন পর স্বজনদের কাছে ফিরেছে তার লাশ। ওইদিন রাতে বাদ এশা উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের নয়াবাড়ি গ্রামের পূর্ব বুড়দিয়া জামে মসজিদ মাঠে জানাজা শেষে বাবার কবরের পাশেই তাকে দাফন করা হয়।
এরআগে ওইদিন বিকেলে আলমের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে গ্রামবাসী শেষবারের মতো তাকে দেখতে ভিড় জমান। দীর্ঘদিন প্রবাসে থাকা আলমের এমন করুণ পরিণতিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানাজা ও দাফনকালে হৃদয়বিদারক আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।
নিহত আলম শেখের স্ত্রী সাথী বেগম, দুই কন্যা ও স্বজনরা বারবার মূর্ছা যাচ্ছিলেন। পরিবার জানায়, সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ১০ ফেব্রুয়ারি আলমের দেশে ফেরার কথা ছিল। কিন্তু ঘাতকরা তাকে জীবিত অবস্থায় দেশে ফিরতে দেয়নি।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারি সকালে আলমের বাসায় বেড়াতে আসা বন্ধু ফারুক ও পান্নু মিলে তাকে হত্যা করে তার মালামাল নিয়ে পালিয়ে যায়। নিহতের বড় ভাই শাহ আলম জানান, এ ঘটনায় মালয়েশিয়া-তে ফারুক ও পান্নুকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।
তবে দেশে এসে আলমের পরিবার নিজ থানায় অভিযোগ দিতে গেলে তা আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে লৌহজং থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মৃধা জানান, হত্যাকাণ্ডটি যেহেতু বাংলাদেশের বাইরে সংঘটিত, তাই এখানে অভিযোগ গ্রহণের সুযোগ নেই। তবে তিনি বিষয়টি খোঁজখবর নিচ্ছেন বলে জানান।#