পবিত্র রমজান উপলক্ষে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কুশাড়িপাড়া প্রবাসী সংঘ। সংগঠনটির উদ্যোগে প্রায় শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়েছে।
সংগঠন সূত্রে জানা যায়, প্রতিটি প্যাকেটে প্রায় ২৬ ধরনের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী রাখা হয়েছে। রমজান মাসের জন্য খেজুরসহ বিভিন্ন ইফতার সামগ্রী থেকে শুরু করে ঈদের জন্য লাচ্ছা সেমাই পর্যন্ত অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিটি প্যাকেটের আনুমানিক মূল্য প্রায় চার হাজার টাকা।
তবে বিতরণের পদ্ধতিতে রয়েছে ভিন্নতা। সাধারণত শহরাঞ্চলে এ ধরনের উপহার সামগ্রী বিতরণের সময় উপকারভোগীদের সারিবদ্ধভাবে উপস্থিত হয়ে সংগ্রহ করতে দেখা যায়। কিন্তু গ্রামাঞ্চলে অনেক অসচ্ছল পরিবার সামাজিক সংকোচ ও লোকলজ্জার কারণে সহায়তা নিতে আগ্রহী হন না। আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে পড়ার আশঙ্কাও অনেককে নিরুৎসাহিত করে।
এসব বিষয় বিবেচনায় নিয়ে কুশাড়িপাড়া প্রবাসী সংঘ ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেছে। সংগঠনের পক্ষ থেকে এলাকাভিত্তিক একটি তালিকা প্রস্তুত করা হয়েছে, যেখানে সমস্যাগ্রস্ত পরিবারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপর রাতের আঁধারে সংশ্লিষ্ট পরিবারের অজান্তেই তাদের ঘরের সামনে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে কেউ সামাজিকভাবে বিব্রত না হন।
সংগঠনের সদস্য সজিব আহমেদ জানান, শুধু রমজান ও ঈদেই নয়, গত তিন বছর ধরে তারা এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত আছেন। মসজিদ ও কবরস্থান উন্নয়ন, রাতে চলাচলের সুবিধার্থে সোলার বাতি স্থাপন, অসচ্ছল পরিবারের ঘর নির্মাণসহ নানা উদ্যোগে তারা অংশগ্রহণ করে আসছেন।
এছাড়া পবিত্র রমজানের প্রথম দিন পুরো এলাকাবাসীর জন্য ইফতারের আয়োজন করার উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। সংগঠনটির এমন ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। অনেকেই মনে করছেন, এ ধরনের কাজ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম এবং তরুণদের আরও বেশি সামাজিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করবে।#