প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬
কাজী সাব্বির আহমেদ দীপু
- মুন্সীগঞ্জে রোজার ঈদকে সামনে রেখে
-
- আড়াই হাজার ক্ষুদ্র গার্মেন্টসে উৎসবের আমেজ
-
- একেকটি ঘর যেন মিনি গার্মেন্টস
-
- শ্রমিকদের কর্মচাঞ্চল্য চোখে পড়ার মতো
-
- এসব পোশাক যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়
গ্রামের একেকটি ঘর যেন মিনি গার্মেন্টস। প্রতিটি বাড়ি যেন একটি গার্মেন্টস কারখানা। ছোট ছোট ঘরেই হচ্ছে রঙ-বেরঙয়ের পোশাক তৈরি। ব্যবহার হচ্ছে আধুনিক সব প্রযুক্তিও। কম্পিউটারাইজড অ্যামব্রয়ডারি মেশিন ব্যবহার করে চমৎকার সব ডিজাইন করা হচ্ছে এসব পোশোকে। রাজধানীর বড় বড় বিপণি বিতানের আকর্ষণীয় পোশাক তৈরি হয় এসব গ্রামেই। এক ছাদের নিচেই কাপড় কাটা, সেলাই, ডিজাইন, আয়রন এবং প্যাকেটিং করে নামকরা বিপণি বিতানগুলোতে বাজারজাত করা হচ্ছে। মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরলে মনে হবে, গ্রামের একেকটি ঘর যেন মিনি গার্মেন্টস।
খোঁজ নিয়ে জানা গেছে, মুন্সীগঞ্জ উপজেলার রামপাল, সিপাহীপাড়া, দরগাহবাড়ি, শাখাঁরীবাজার, সুজানগর, বল্লালবাড়ি, দেওভোগ, রতনপুর, পঞ্চসার, চম্পাতলা, এনায়েতনগর, কাজী কসবা ও তেলের বিল গ্রামসহ বিভিন্ন স্থানে আড়াই হাজারের বেশী ক্ষুদ্র গার্মেন্টস শিল্প গড়ে উঠেছে। এই শিল্পে এখন দিন-রাত বিভিন্ন ডিজাইনে নতুন নতুন পোশক তৈরী করা হচ্ছে।
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ক্ষুদ্র গার্মেন্টস শিল্পের সঙ্গে সম্পৃক্ত প্রতিটি পরিবারের সদস্য ও দর্জি শ্রমিকদের কর্মচাঞ্চল্যে উৎসবের আমেজ তৈরী হয়েছে। আর এ সব ক্ষুদ্র গামেন্টর্সে তৈরী পোশাক যথাক্রমে-ফ্রক, সালোয়ার কামিজ, শার্ট ও প্যান্টের নিত্য নতুন ডিজাইন, পাকা রঙ ও তুলনামূলক কম দাম হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে পোশাক ব্যবসায়ীরা পোশাক সংগ্রহের জন্য মুন্সীগঞ্জের ক্ষুদ্র গার্মেন্টস গুলোতে ভীড় জমিয়ে তুলছে। অনেক পাইকার সরাসরি রেডিমেড পোশাক কেনার জন্য আসছে মুন্সীগঞ্জের এসব গ্রাম গুলোতে। আবার ক্ষুদ্র গামেন্টর্স ব্যবসায়ীদের অনেকেই তাদের তৈরী পোশাক ঢাকার চকবাজার, কালীগঞ্জ, সদরঘাট, জুরাইন এবং নারায়নগঞ্জ, সিলেটে, চট্রগ্রাম ও রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে শোরুমে রেখে বিক্রি করছে। এ অবস্থায় স্বল্প পূজিঁতে নিজস্ব মেধা ও শ্রমে ব্যবসায়িক সফলতার ফলে ক্ষুদ্র গার্মেন্টেসে শিল্পে জড়িতদের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এসেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, স্বাধীনতা উত্তর কালে দেশে উন্নত
ডিজাইন ও সঠিক মানের তৈরি পোশাক আমদানি শুরু হয়। এর প্রধান ক্রেতা উচ্চবিত্ত ও উচ্চ-মধ্যবিত্ত পরিবারের মানুষ। পরবর্তীতে এরই ধারাবাহিকতায় নিম্ন আয়ের মানুষের চাহিদার প্রতি লক্ষ্য রেখে সদর উপজেলার বিভিন্ন গ্রামে গড়ে ওঠেছে আড়াই হাজার ক্ষুদ্র গার্মেন্টস শিল্প। এখানে নানা বয়সের ছেলে মেয়েদের জন্য ফ্রক, সালোয়ার কামিজ, প্যান্ট ও শার্ট তৈরি করা হচ্ছে। এ ব্যবসায় ৫ লাখ টাকা হলে চাহিদা মতো পুঁজি খাটিয়ে ক্ষুদ্র পোশাক শিল্পের সঙ্গে জড়িত হওয়া সম্ভব। সদর উপজেলার বিভিন্ন গ্রামে গড়ে ওঠা আড়াই হাজার কারখানায় গড়ে ৮ থেকে ২০ জন কারিগর কাজ করে যাচ্ছে।
সদরের দরগাহবাড়ী এলাকার রিমন গার্মেন্টেসের মালিক মো. আসলাম দেওয়ান জানান, মুন্সীগঞ্জের ক্ষুদ্র এ পোশাক শিল্প জাতীয় পর্যায়ে গুরুত্বপুর্ন ভুমিকা রাখছে। এক’শ টাকা থেকে আট’শ টাকা পর্যন্ত শিশুদের পোশাক পাইকারি বিক্রি করা হচ্ছে। সানি গামেন্টের মালিক মো. মহিউদ্দিন মিয়াও অভিন্ন কথা জানালেন।
সদরের তেলের বিল এলাকার নিজ বাড়ীতে গার্মেন্টস দিয়েছেন আমির হোসেন। বসত ঘরের পাশে আলাদা একটি ঘরে তার গার্মেন্টেসে কাজ করছেন ১০ জন শ্রমিক। সেলাই মেশিনে কাজে ব্যস্ত শ্রমিকরা বলেন, এখন তারা প্রতিদিন সকাল ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত কাজ করছেন।
শ্রমিক মোবারক হোসেন ও আসলাম হোসেন বলেন, এই কারখানায় প্রোডাকশনে কাজ করি। এখন ১০০০ থেকে ১২০০ টাকা প্রতিদিন কাজ করতে পারি।
সদরের সিপাহীপাড়া এলাকায় ক্ষুদ্র গার্মেন্টেসের মালিক মুক্তার হোসেনের কারখানার দর্জি শ্রমিক লোকমান হোসেন জানালেন, সদরের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা এসব পোশাক কারখানায় অনেকের কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন একজন শ্রমিকের অন্তত ৭’শ থেকে ৯’শ টাকা উপার্জন হচ্ছে। মাসে একজন শ্রমিকের আয় হচ্ছে ২০ থেকে ২৫ হাজার টাকা।
সদরের দরগাহবাড়ি এলাকায় পোশাক কারখানায় কর্মরত মো. মোসলেম মিয়া বলেন, স্থানীয়সহ দেশের বিভিন্ন জেলার মানুষ মুন্সীগঞ্জের বিভিন্ন পোশাক তৈরির কারখানায় কাজ করছে। এখানে কাজের ধরন অনুযায়ী শ্রমিকরা সর্বনিম্ন ৫শ টাকা থেকে দৈনিক ১৫০০ টাকা উপার্জন করছে। একই কথা জানালেন পোশাক শ্রমিক আব্দুল কাদের মিয়া, আকবর হোসেন, সোহেল মিয়া, রাব্বি দেওয়ান, নুর ইসলামসহ একাধিক পোশাক শ্রমিক।
ক্ষুদ্র গার্মেন্টস ব্যবসায়ীদের অভিযোগ, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থায় উচ্চ বেতনে ডিজাইনার কর্মরত আছেন। এদের কাজ হলো নিত্যনতুন ডিজাইন উদ্ভাবন করে দেশীয় পণ্যের উৎকর্ষ সাধন করা এবং প্রতিযোগিতামূলক বাজারে দেশীয় পন্য টিকিয়ে রাখা। অথচ ক্ষুদ্র গার্মেন্টস শিল্পে এদের কোন ভুমিকা নেই।
মুন্সীগঞ্জ বিসিক শিল্প নগরীর কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ জানান, মুন্সীগঞ্জের ক্ষদ্র গার্মেন্টস শিল্পকে এগিয়ে নিতে এর সঙ্গে জড়িত ২০ থেকে ২৫টি পরিবারকে ঋন দেওয়া হয়েছে। এছাড়া প্রতিবছর দুই দফা প্রশিক্ষন দেওয়া হয়। গত বছরের এপ্রিল মাসে ৬০ জনকে প্রশিক্ষন দেওয়া হয়েছে। তিনি
আরও জানান, এছাড়া এসএমসি এফ আই তহবিল থেকে গত বছর ১০ লাখ টাকা ঋন দেওয়া হয়। বিডি ঋন ও এসএমসি এফ ঋন কর্মসূচীর আওতায় একজন ব্যবসায়ীকে সবোর্চ্চ ৫ লাখ টাকা ঋন দেওয়ার সুযোগ রয়েছে।