মুন্সীগঞ্জের গজারিয়ায় নিজ বাড়িতে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করে মিথ্যা মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।
গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে জামালপুর ও শিমুলিয়া গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামিম ওসমান এর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত একই এলাকার মাইনউদ্দিন, হালিম ও কাইয়ুম দেওয়ান নেপথ্যে থেকে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও চিহ্নিত নৌ-ডাকাত জিতু রাঢ়ীর নেতৃত্বাধীন দলের মাধ্যমে এলাকায় ডাকাতি, চাঁদাবাজি, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত করে আসছে।
স্থানীয় ভুক্তভোগী ও মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবি, মাইনউদ্দিন দেওয়ানের মালিকানাধীন একটি বাড়ি ও ভবন ভাড়া নিয়ে জামালপুর এলাকায় গত বছর অস্থায়ীভাবে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। ওই বাড়িতে স্থাপিত পুলিশ ক্যাম্পের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করা হচ্ছে।
বক্তাদের অভিযোগ, সাম্প্রতি পারিবারিক বিরোধের জেরে এলাকার ২৭টি পরিবারের অনেককে আসামি করে হয়রানি করা হয়েছে। এতে এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। তারা বলেন, নিরীহ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদাবাজি ও মিথ্যা মামলার ভয় দেখানোর দায়ে দ্রুত বিচার আওতায় আনার দাবী করা হয়েছে।
মানববন্ধন শেষে ভুক্তভোগী পরিবারের পক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেওয়ার ঘোষণা দেয়। বিক্ষোভকারীরা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্তদের মধ্যে হালিম দেওয়ান ও কাইয়ুম দেওয়ানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
অভিযুক্তদের আরেকজন জিতু রাঢ়ীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে বলেন, আমি ব্যবসায়িক কারণে নারায়ণগঞ্জে বসবাস করি। এ ধরনের কর্মকাণ্ডে আমি বা আমার লোকজন জড়িত নই।
এ বিষয়ে জানতে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন।
এ ছাড়া গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) সাব্বির আহমেদের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।