মুক্তারপুর এলাকায় চুরির অভিযোগে ধরা পড়ে উল্টো হামলার ঘটনায় বাড়ির মালিক গুরুতর আহত হয়েছেন।
এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি সূত্রে জানা যায়,
সোমবার দিবাগত রাত প্রায় ১০টার দিকে সদর উপজেলার মুক্তারপুর এলাকায় সুধীর মন্ডল (৫০) এর বাড়ির ছাদে চুরির উদ্দেশ্যে ওঠে একই এলাকার আরিফ (২২)। এ সময় বাড়ির সদস্য সিমান্ত মন্ডল (২১) তাকে দেখতে পেয়ে ‘চোর চোর’ বলে চিৎকার করেন। চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন বেরিয়ে এলে আরিফ ও তার ভাই কাদের (১৮) দেয়াল টপকে পালানোর চেষ্টা করে।
এসময় তারা হাতে থাকা কাঠের ডাসা দিয়ে সুধীর মন্ডলের মাথায় এলোপাতাড়ি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ঘটনাস্থল থেকে আরিফকে আটক করে একটি কক্ষে তালাবদ্ধ রাখা হয়। খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা অভিযোগ করেন, অভিযুক্তদের পরিবারের বিরুদ্ধে পূর্বেও চুরি, মাদকসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। এক পর্যায়ে এলাকাবাসী তাদের এলাকা থেকে বিতাড়িতও করেছিল বলে জানান তারা।
স্থানীয় মোজাম্মেল হোসেন ফাহিম বলেন, “আরিফ ও তার বাবা মান্নান এলাকার চিহ্নিত দুষ্কৃতকারী। ঘটনার পরপরই আমরা পুলিশে খবর দিই। পুলিশ এসে আরিফকে আটক করে নিয়ে গেছে।”
জানা যায়, অভিযুক্ত আরিফ ও কাদের স্থানীয় একটি সুতার কলে কাজ করেন এবং তারা রোকসানা বেগমের বাসায় ভাড়া থাকেন।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।