প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬
গজারিয়ায় জুনিয়র বৃত্তি পরীক্ষায় শীর্ষস্থানে ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক, গজারিয়াঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে দেশব্যাপী বৃত্তির ফলাফল প্রকাশের পর দেখা যায় উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় মেধা ও সাধারণ উভয় কোটায় অভাবনীয় সাফল্য দেখিয়েছে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি।
প্রকাশিত গেজেট অনুযায়ী, ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয় থেকে এবার মোট ১২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) পেয়েছে ০৬ জন শিক্ষার্থী ও সাধারণ বৃত্তি পেয়েছে ০৬ জন শিক্ষার্থী।
এর আগে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ দুপুরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে বৃত্তির ফলাফলের কপি হস্তান্তর করেন। এরপরই দেশের সকল শিক্ষা বোর্ডের অধীনে নির্বাচিত শিক্ষার্থীদের নামের তালিকা সম্বলিত গেজেট প্রকাশ করা হয়।
বিদ্যালয়ের এই সাফল্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল গাফফার বলেন, "শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফসল এই চমৎকার ফলাফল। আমাদের ছাত্র-ছাত্রীদের কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা আজ বিদ্যালয়কে উপজেলায় শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছে। ভালো ফলাফলের এই ধারা ভবিষ্যতে অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।"
এদিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত