প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬
সিরাজদীখানে প্রবাসীর তিন বসতঘর ভস্মীভূত, ২০ লক্ষ টাকার ক্ষতি
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার জৈনসার ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ফ্রান্স প্রবাসী পারভেজ তালুকদারের তিনটি বসতঘর পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জৈনসার ইউনিয়নের পশ্চিমপাড়া প্রাইমারি স্কুলের পাশে পারভেজ তালুকদারের বসতঘরে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা তীব্র হয়ে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সিরাজদীখান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে প্রবাসীর কাঠ ও টিনের তৈরি তিনটি ঘর এবং ভেতরে থাকা আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে যায়। এতে আনুমানিক ১৫ থেকে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবার দাবি করছে।
সিরাজদীখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক মো. আরিফ আনোয়ার জানান, সংবাদ পাওয়ার সাথে সাথেই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। স্থানীয়দের সহায়তায় আমরা আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করতে সক্ষম হয়েছি। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত